এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক দেশ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সালমান আলী আগার নেতৃত্বে এশিয়া কাপের পাকিস্তানের দলে জায়গা পাননি বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান সর্বকালের সর্বোচ্চ এবং বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর আজম। বাবরের পরেই এই তালিকায় পাকিস্তান দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ রিজওয়ান। তবে এই দুই তারকাকে ছাড়াই এশিয়া কাপ খেলবে পাকিস্তান।
তবে সালমান আলী আগার নেতৃত্বে এশিয়া কাপে দলে নিজের জায়গা ধরে রেখেছেন শাহিন শাহ আফ্রিদি।
এশিয়া কাপের জন্য ঘোষিত দল নিয়ে সংযুক্ত আরব আমিরাত এবং আফগানিস্তানকে সাথে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে আরব আমিরাতের মাঠে এ সিরিজ খেলবে তারা। শারজায় ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই সিরিজ।
ত্রিদেশীয় সিরিজ শেষ হওয়ার দুইদিন পর, অর্থাৎ ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ, যা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
দল নিয়ে পাকিস্তানের হোয়াইট-বল হেড কোচ মাইক হেসন বলেছেন, “আমরা সালমান মির্জাকে রেখেছি তার বাংলাদেশ সফরের দুর্দান্ত বোলিংয়ের জন্য। সে সাত উইকেট নিয়েছিল চমৎকার ইকোনমি রেটে।” তবে বাবর-রিজওয়ানকে নিয়ে সরাসরি কিছু বলেননি হেসন।
এশিয়া কাপে পাকিস্তান দল
সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নেওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
