বাংলাদেশের জন্য ‌‘স্মরণীয় বিশ্বকাপ’ খেলতে চান জ্যোতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৯ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশের জন্য ‌‘স্মরণীয় বিশ্বকাপ’ খেলতে চান জ্যোতি

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো অংশ নিবে বাংলাদেশ। ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া এ বিশ্বকাপে স্মরণীয় কিছু করতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। অধিনায়ক নিগার সুলতানার মতে, এবার বিশ্বকাপটি বাংলাদেশের জন্য অর্থবহ হোক।

বিশ্বকাপ সামনে রেখে আইসিসি জন্য লেখা কলামে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এমন আশার কথা বলেছেন।

২০২২ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে এক অবিস্মরণীয় জয় তুলে নিয়েছেল বাংলাদেশের মেয়েরা। জ্যোতি বিশ্বাস করেন, ২০২৫ আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে মঞ্চ মাতাতে তার দল প্রস্তুত।

বিশ্বকাপ নিয়ে জ্যোতি বলেন, “আমরা ভীষণ উচ্ছ্বসিত ও আশাবাদী। আমরা চাই এবার আমাদের জন্য বিষয়টি (বিশ্বকাপ) অর্থবহ হোক।”

গত বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর স্মৃতিচারণ করে তিনি বলেন, “নিউজিল্যান্ডে তিন বছর আগে আমাদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা ছিল দলের জন্য চোখ-খোলার মতো। পাকিস্তানকে হারিয়ে আমরা ইতিহাস গড়েছিলাম।”

জ্যোতি আরও বলেন, “ বিশ্বকাপে প্রথম জয় -যা আমি কখনও ভুলব না। সে দিন আমাদের হয়ে সর্বোচ্চ রান করেছিল ফারজানা হক (পিংকি), যিনি এবারও দলে নির্বাচিত হয়েছেন।”

অধিনায়ক বলেন, “বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে তিনি আমাদের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া শারমিন আখতারও, যিনি ব্যাট হাতে তিন নম্বরে ভালো করছেন। বিশ্বকাপ বাছাইপর্ব উত্তীর্ণে শারমিন সবচেয়ে বেশি রান করেছেন।”

ব্যাটিংয়ের পাশাপাশি দলের বোলিং নিয়েও কথা বলেছেন নিগার সুলতানা জ্যোতি। বলেন, “আমাদের সাফল্যের অন্যতম চাবিকাঠি ছিল স্পিন বোলাররা। আশা করি, ভারত ও শ্রীলঙ্কাতেও তারা পাকিস্তানের মতোই ভালো করবে। নাহিদা আখতার আমাদের ওয়ানডে ও টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি। তিনি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়।”

২০২২ বিশ্বকাপ দলের সাতজন খেলোয়াড় ২০২৫ বিশ্বকাপে রয়েছেন। যা বাংলাদেশ দলে তাদের অভিজ্ঞতা কাজে লাগবে। এছাড়া দলে একাধিক নতুন মুখের তারুণ্যের ঝলকও রয়েছে।

বিশ্বকাপ নিয়ে নিজেদের প্রস্তুতি নিয়ে জ্যোতি বলেন, “গত কয়েক মাস আমরা কঠোর অনুশীলন করেছি। আশা করি দারুণ মুহূর্তে আমরা আমাদের সেরাটা দিতে পারবো। আমি বাংলাদেশের মানুষ ও সারা বিশ্বের ভক্তদের কাছে দোয়া চাইছি।”

শ্রীলঙ্কার কলম্বতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ২ অক্টোবর বাংলাদেশ তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এর আগে ৩০ সেপ্টেম্বর ভারত এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে নারী বিশ্বকাপ।

বিশ্বকাপে বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আখতার, ফারজানা হক, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আখতার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, শর্ণা আখতার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আখতার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সাঞ্জিদা আখতার মেঘলা, নিশিতা আখতার নিশি এবং সুমাইয়া আখতার।



শেয়ার করুন :