বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী ৬ অক্টোবর ভোটা গ্রহণ অনুষ্ঠিত হবে। ঢাকার পাঁচ তারকা হোটেলে একই দিনই সভাপতি এবং সহ-সভাপতিও নির্বাচন করা হবে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২২ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ ও ২৩ সেপ্টেম্বর ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ করা হবে এবং ২৪ সেপ্টেম্বর আপত্তির উপর শুনানি শেষে পর দিন ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
ভোটার তালিকা চূডান্ত হওয়ার পর ২৬ ও ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ, ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা নেওয়া হবে।
২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই এবং তালিকা প্রকাশের পর ৩০ সেপ্টেম্বর আপিলগ্রহণ এবং শুনানী অনুষ্ঠিত হবে। এরপর ১ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
সবকিছু শেষে ৬ অক্টোবর সকাল ১০টা থেকৈ বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যা ৬টার মধ্যে চূড়ান্ত ফলাফল এবং রাত সাড়ে ৭টার মধ্যে সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচনের ফলাফলও প্রকাশ করা হবে।
