টেস্টে এমন সাহসী সিদ্ধান্ত নেওয়া জরুরি: নাজমুল হোসেন শান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১২ মে ২০২৬
টেস্টে এমন সাহসী সিদ্ধান্ত নেওয়া জরুরি: নাজমুল হোসেন শান্ত

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ২৬৭ রানের পূঁজিতে ইনিংস ঘোষণা করে ১০৪ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ৭৫ ওভার খেলার সুযোগ পেয়েও টাইগার বোলারদের সামনে পেরে উঠেনি পাকিস্তান। ম্যাচ জয়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, টেস্টে এমন সাহসী সিদ্ধান্ত নেওয়াটা জরুরি।

বাংলাদেশ যখন ইনিংস ঘোষণা করে তখনও পঞ্চম দিনের প্রথম ইনিংস শেষ হয়নি। তাসকিন আহমেদ আউট হলেও অন্যপ্রান্তে ৪ রান নিয়ে অপরাজিত ছিলেন এবাদত হোসেন এবং শেষ ব্যাটার হিসেবে ছিলেন প্রথম ইনিংসে ৪ রানে অপরাজিত থাকা নাহিদ রানা।

বাংলাদেশ ২৪০ রান করে ইনিংস ঘোষণা করায় প্রথম ইনিংস থেকে পাওয়া ২৭ রানের লিডে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান। দিনের তখন ৭৫ ওভার খেলার বাকি ছিল।

খুব বেশি পূঁজি না নিয়ে এমন চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‍“ব্যাটিংয়ে আমরা সকাল থেকে ক্লিয়ার ছিলাম, কী করতে চাই। তবে সত্যি কথা, আমাদের ইচ্ছা ছিল আরও ১৫-২০টা রান করার। বাট মাঝে-মধ্যে টেস্টে এমন সাহসী সিদ্ধান্ত নেওয়াটা জরুরি।”

তিনি বলেন, “টেস্টে আমরা আস্তে আস্তে উন্নতি করছি বলে আমার মনে হয়। তো আমরা একটু সাহসী সিদ্ধান্ত নিয়েছি। এটা সামনের দিনে আমাদের সাহায্য করবে, এই ফরম্যাটে।”

এমন সাহসী সিদ্ধান্তের পেছনে অবশ্য বাংলাদেশের বর্তমান বোলিং উইনিটের পারফরম্যান্স কাজ করেছে বলেও জানান শান্ত। বলেন, “এই সিদ্ধান্তটা নেওয়ার পিছনে কারণটা হলো, আমাদের যে বোলিং অ্যাটাক্টা আছে, পাঁচজন বোলার -এই ম্যাচে খেলেছে। সবাই স্কিলফুল এবং সবাই ভালো বল করেছে।”

লাল বলের টাইগার ক্যাপ্টেন বলেন, “এই ইনিংসে (দ্বিতীয় ইনিংস) মিরাজ যেভাবে শুরুটা দিয়েছে। তাসকিন যেভাবে প্রথম উইকেটটা নিলো, ওইখান থেকে মোমেন্টাইম পাওয়া। তারপর তাইজুল ভাই মিডল ওভারে দারুণ বোলিং করেছেন। চার-পাঁচ বোলারেরই কন্ট্রিবিউট ছিল। বিশেষ করে এই ইনিংসে তাসকিন এবং রানার (নাহিদ রানা) স্পেলটা অসাধারণ ছিল।”



শেয়ার করুন :