তারকা ক্রিকেটার ফয়সাল খানের আরও এক শতকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে সহজে হারিয়ে দিয়েছে আফগান যুবরা। এ জয়ে সিরিজ জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
বগুড়া ভেন্যুতে পিছিয়ে পড়ে রাজশাহীতে তৃতীয় ওয়ানডেতে সমতা ফেরায় আফগানিস্তানের যুবারা। চতুর্থ ওয়ানডেতে টানা জয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেল তারা। রোববার সিরিজের শেষ এবং পঞ্চম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং আফগান যুবারা।
শুক্রবার (৭ নভেম্বর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। আগের ম্যাচে শতক হাঁকানো আফগান যুব তারকা ব্যাটার ফয়সাল খান টানা দ্বিতীয় শতক হাঁকান।
চারটি ছক্কা ও দশ বাউন্ডারিতে ১১৬ বলে ১১২ রান করেন তিনি। এছাড়া উজাইরুল্লাহ খেলেন ৭২ রানের ইনিংস। তবে টাইগার যুবাদের বোলিং তোপে ৩ বল বাকি থাকতেই ২৫৮ রানে গুটিয়ে যায় সফরকারী দল।
বাংলাদেশের পক্ষে বল হাতে ইকবাল ইমন ৫১ রানে ৬ উইকেট দখল করেন। সাদ ইসলাম ৬২ রানে ২ উইকেট নেন।
জয়ের জন্য ২৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের যুবারা শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। এক পর্যায়ে ৪০ রানে ৬ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে টাইগার যুবারা।
ব্যাট হাদে মো. আব্দুল্লাহ ৯৫ এবং দেবাশিস সরকার ৫১ রান করলেও শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২১১ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশের যুবারা। ব্যাটিং ব্যর্থতায় ৪৭ রানের ব্যবধানে হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বল হাতে আফগানিস্তানের আব্দুল আজিজ খান ২৮ রানে ৪ উইকেট নেন। নাজিফুল্লাহ ২৫ রানে ও ওয়াহিদুল্লাহ ২৯ রানে ২টি করে উইকেট নেন।
দলের এমন জয়ে আগের ম্যাচের মতো এ ম্যাচেও প্লেয়ার অব দ্য ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ফয়সাল খান।
মো. ফয়সাল আলম রাজশাহী/আরএস
