আজিজুলের শতকে সমতায় সিরিজ শেষ করলো বাংলাদেশ

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৮:০৩ পিএম, ০৯ নভেম্বর ২০২৫
আজিজুলের শতকে সমতায় সিরিজ শেষ করলো বাংলাদেশ

অধিনায়ক আজিজুল হাকিমের দুর্দান্ত সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-২ সমতায় শেষ করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ।

রোববার (৯ নভেম্বর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ২ উইকেটে পরাজিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বৃষ্টি আইনে ৫ রানের জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পন্ড হবার পর, তৃতীয় ও চতুর্থ ওয়ানডে ১০২ রানে ও ৪৭ রানে জিতে নেয় আফগানিস্তান। শেষ ম্যাচ জিতে সিরিজ হার এড়াল বাংলাদেশের যুবারা।

রবিবার (৯ নভেম্বর) রাজশাহীতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি আফগানিস্তান। ৫০ ওভারে ৮ উইকেটে ২০৮ রান করে তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন আফগানিস্তানের ওপেনার ওসমান সাদাত। এছাড়া অধিনায়ক মাহবুব খান ৪০ ও উজাইরুল্লাহ নিয়াজি ৩২ রান করেন। বাংলাদেশের সামিউন বশির ২ উইকেট নেন।

২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ৪১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৮৭ রানে চতুর্থ উইকেট পতনে চাপে পড়েছিল স্বাগতিকরা।

সতীর্থরা বড় ইনিংস খেলতে না পারলেও এক প্রান্ত আগলে বাংলাদেশের রানের চাকা সচল রেখেছিলেন আজিজুল। ৭৩ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি।

পঞ্চম উইকেটে ফরিদ হাসানকে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের পথ তৈরি করছিলেন আজিজুল। কিন্তু ২০ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ১৬১ রানে সপ্তম উইকেট হারায় তারা।

অষ্টম উইকেটে শাহরিয়ার আল-আমিনকে নিয়ে ৪৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের কাছে নিয়ে যান আজিজুল। ৪৫তম ওভারের শেষ বলে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এজন্য ১১৭ বল খেলেন আজিজুল।

দলের জয় থেকে ২ রান দূরে থাকতে আউট হন আজিজুল। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে চার মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন স্বাধীন ইসলাম। আল-আমিন ১৭ রানে এবং স্বাধীন ৪ রানে অপরাজিত ছিলেন।

মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস



শেয়ার করুন :