উগ্রবাদী গোষ্ঠীর দাবি মেনে ‘নিরাপত্তা ইস্যুতে’ আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ইস্যুতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয় আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে সিলেটে বোর্ড পরিচালকদের এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে রাতের সভায় কিছুটা নমনীয় দেখালেও সরকারের পক্ষ থেকে বার্তা পাওয়ার পর কঠোর অবস্থানে গিয়েছে বিসিবি।
সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি জানায়, ভারতে অবস্থানরত বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ এবং বিদ্যমান পরিস্থিতির একটি পূর্ণাঙ্গ মূল্যায়ন, পাশাপাশি বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত গ্রহণ করে যে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্টে অংশ নিতে ভারতে সফর করবে না।
BCB Requests ICC to Relocate Bangladesh’s T20 World Cup Matches from India...#bcb #ICC #T20WorldCup2026 pic.twitter.com/dbqLYLJNBL
— Sportsmail24.com (@sportsmail24) January 4, 2026
এই সিদ্ধান্তের আলোকে বিসিবি আনুষ্ঠানিকভাবে ইভেন্ট কর্তৃপক্ষ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কাছে অনুরোধ জানিয়েছে, যেন বাংলাদেশের সব ম্যাচ ভারত-এর বাইরে কোনো ভেন্যুতে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হয়।
এর আগে গতরাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল ফেসবুক পোস্টে বিশ্বকাপে যেন বাংলাদেশ দল ভারতে খেলতে না যায় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণে বিসিবি-কে নির্দেশনা দিয়েছেন।
এছাড়া আইপিএলে ম্যাচ সম্প্রচার বদ্ধেও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন তিনি।
