দেশের সেরা খেলোয়াড়দের নিয়ে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন এই প্রতিযোগিতায় তিনটি দল অংশ নেবে, যার পুরস্কারের অর্থ এবং ম্যাচ ফি মিলে প্রাইজমানি হবে আড়াই কোটি টাকা।
শনিবার (৩১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।
বলা হয়, দলগুলো নাম হবে- ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ এবং দুরন্ত একাদশ। তিন দলের অধিনায়কও ঠিক করেছে বিসিবি। তারা হলেন- ধূমকেতু একাদশের বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস, দুর্বার একাদশে নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশে আকবর আলী নেতৃত্ব দিবেন।
তিন দলের কোচিং প্যানেলের দায়িত্বে কারা থাকবে সেটিও ঠিক করা হয়েছে। জানানো হয়, ধূমকেতু একাদশের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী কোচের হিসেবে থাকবে মোহাম্মদ আশরাফুল।
টুর্নামেন্টে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৫, ৬, ৭ ফেব্রুয়ারি টানা তিনটি ম্যাচের পর ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।
এছাড়া দুর্বার একাদশের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল এবং সহকারী কোচ তুষার ইমরান। আর দুরন্ত একাদশের প্রধান কোচ হিসেবে হান্নান সরকার এবং সহকারী কোচের দাযিত্ব পালন করবেন রাজিন সালেহ।
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপটি দেশের ক্রিকেটে নতুন ইমপ্যাক্ট ফেলবে বলে আশা করছে বিসিবি। আসরের সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টে ম্যাচের টিকিটি মূল্য
ইস্টার্ন গ্যালারি: ১০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ড: ২০০ টাকা, ক্লাব হাউস: ৫০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড: ১,০০০ টাকা।
ম্যাচগুলো টিকিট কাটার শর্তে দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। ক্রিকেট ম্যাচ ছাড়া প্রতি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রিকেট অ্যাকশন অনুষ্ঠিত হবে।
