টি-টোয়িন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। ওই ঘোষণার পর বিপুল আর্থিক ক্ষতি থেকে বাঁচতে পাকিস্তান এবং বাংলাদেশের সাথে বৈঠক করছে আইসিসি। বৈঠকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে নিজেদের জন্য ছাড়াও বাংলাদেশের পক্ষ নিয়ে তিনটি শর্ত জুড়ে দিয়েছে পাকিস্তান।
শনিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট আমিনুল ইসলাম।
বৈঠক শেষে কোন পক্ষ থেকেই আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। তবে ভারতের এনডিটিভি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ায় আইসিসি কাছে তিনটি দাবি তুলেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে নিজেদের ম্যাচ খেলতে হলে আইসিসিকে দাবিগুলো পূরণ করতে হবে।
শর্তগুলো হলো-
১. টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ায় বর্ধিত ক্ষতিপূরণ দিতে হবে।
২. বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশগ্রহণ ফি প্রদান করতে হবে এবং
৩. ভবিষ্যতে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশকে স্বত্ব দিতে হবে।
বাংলাদেশ কেন্দ্রিক ছাড়াও নিজেদের জন্য আরও তিনটি শর্ত জুড়ে দিয়েছে পিসিবি চেয়ারম্যান। টেলিকম এশিয়া স্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতের এনডিটিভি প্রতিবেদনে পাকিস্তানের পক্ষের শর্তগুলো বলা হয়নি।
টেলিকম এশিয়া স্পোর্টস জানায়, বৈঠকে আইসিসির কাছে বেশ কিছু শর্ত তুলে ধরেন পিসিবি চেয়ারম্যান।
সেগুলো হলো-
১. আইসিসি থেকে পাকিস্তানের জন্য বাৎসরিক বরাদ্দ বৃদ্ধি।
২. ভারতের বিপক্ষে পুনরায় পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ চালু এবং
৩. ভারত-পাকিস্তানের ম্যাচে দুই দলের মধ্যে করমর্দন শুরু করতে হবে।
টেলিকম এশিয়া স্পোর্টসে জানানো হয়, আইসিসি কর্মকর্তারা পিসিবিকে আশ্বস্ত করেছেন যে, বৈঠকে উত্থাপিত শর্তগুলো আইসিসি বোর্ডের পরবর্তী সভায় বিবেচনার জন্য উপস্থাপন করা হবে।
