নামিবিয়াকে রানে হারিয়ে শেষ দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান। এর মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের আটটি দল চূড়ান্ত হয়েছে। শনিবার নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে চলমান বিশ্বকাপের সুপার এইট পর্ব।
সুপার এইট পর্বে আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। একটি গ্রুপের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতে, অন্যটি শ্রীলঙ্কায়।
সুপার এইট পর্বে গ্রুপ পর্বের কোন পয়েন্ট প্রযোজ্য হবে না। সব দলই সুপার এইট শুরু করবে শূন্য পয়েন্ট নিয়ে। জয় পেলে ২ পয়েন্ট, হারলে ০ পয়েন্ট। বৃষ্টির কারণে কোনো ম্যাচে যদি অন্তত ৫ ওভার করে খেলা সম্ভব না হয়, তবে সেটি ‘নো রেজাল্ট’ ঘোষণা হবে এবং উভয় দল ১ পয়েন্ট পাবে।
তবে ম্যাচ টাই হলে সুপার ওভার হবে। সুপার ওভারও টাই হলে পরপর সুপার ওভার চলবে, যতক্ষণ না ফল নির্ধারিত হয়। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল ৪ ও ৫ মার্চ সেমি-ফাইনালে উঠবে। এরপর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ মার্চ।
ভারতে আয়োজিত গ্রুপ-১ এর দল : স্বাগতিক ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে।
শ্রীলঙ্কায় আয়োজিত গ্রুপ-২ এর দল : ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং স্বাগতিক শ্রীলঙ্কা।
সুপার এইট সূচি
২১ ফেব্রুয়ারি : নিউজিল্যান্ড বনাম পাকিস্তান (কলম্বো)
২২ ফেব্রুয়ারি : ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা (ক্যান্ডি),
: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (আহমেদাবাদ)
২৩ ফেব্রুয়ারি : জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ (মুম্বাই)
২৪ ফেব্রুয়ারি : ইংল্যান্ড বনাম পাকিস্তান (ক্যান্ডি)
২৫ ফেব্রুয়ারি : নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা (কলম্বো)
২৬ ফেব্রুয়ারি : ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা (আহমেদাবাদ),
: ভারত বনাম জিম্বাবুয়ে (চেন্নাই)
২৭ ফেব্রুয়ারি : ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (কলম্বো)
২৮ ফেব্রুয়ারি : শ্রীলঙ্কা বনাম পাকিস্তান (ক্যান্ডি)
১ মার্চ : জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা (নয়াদিল্লি)
: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা)।
