রাইজিং স্টার্স নারী এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠলে শিরোপা জয়ের ম্যাচে ভারতের বিপক্ষে পারলো না বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার ভারতের বিপক্ষে ৪৬ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা।
রবিবার (২২ ফেব্রুয়ারি) থাইল্যান্ডে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রানে সংগ্রহ গড়ে ভারতের মেয়েরা। জবাববে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতেই ৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
প্রথমে ব্যাট করতে নেমে ৩০ রানের সূচনার পর দ্রুত ৪ উইকেট হারায় ভারত। বাংলাদেশ অধিনায়ক ফাহিমা খাতুনের ঘূর্ণিতে দাঁড়াতে পারেনি ভারতীয় ব্যাটাররা। এ সময় ২ উইকেট নেন ফাহিমা।
পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটি গড়ে ভারতকে চাপমুক্ত করেন তেজাল হাসাবনিস ও অধিনায়ক রাধা যাদব। ৩০ বলে ৩৬ রানে রাধা থামলেও, ইনিংসের শেষ পর্যন্ত খেলে ভারতকে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রানের লড়াকু সংগ্রহ এনে দেন হাসাবনিস।
৩টি চার ও ২টি ছক্কায় ৩৪ বলে অপরাজিত ৫১ রান করেন তিনি। ৪ ওভারে ২৫ রানে ৪ উইকেট নেন ফাহিমা। ১টি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন ও ফাতেমা জাহান।
১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ উইকেটে ৩৭ রান তুলে ভালো শুরু করেছিল বাংলাদেশ। তবে ১১ রানের ব্যবধানে ৩ উইকেট পতনে চাপে পড়ে তারা। দলীয় ৪৮ রানে চতুর্থ উইকেট পতনের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ৮৮ রানে অলআউট হয় টাইগ্রেসরা। ১৫ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে তারা।
দলের হয়ে ওপেনার শামিমা সুলতানা ২০, শারমিন সুলতানা ১৮, ফাহিমা ১৪ ও সাদিয়া আক্তার ১০ রান করেন। ভারতের প্রেমা রাওয়াত ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন হাসাবনিস।
গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলোতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সেমি-ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারায় তারা।
সেমি-ফাইনালে পাকিস্তানকে ৫৪ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে শিরোপা জয়ের ম্যাচে হেরে গেল বাংলাদেশের মেয়েরা।
