ওয়ানডে ক্যারিয়ারের দশ ম্যাচেই ব্যাটারদের ভয়ের কারণ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন টাইগার পেসার নাহিদ রানা। সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ড ব্যাটারদের কাঁপিয়ে এবার আইসিসি থেকেও সুখবর পেলেন তিনি।
ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটের বোলারদের র্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। একইসঙ্গে উন্নতির খবর পেয়েছেন তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেনরাও।
সর্বশেষ বুধবার (২২ এপ্রিল) আইসিসি পুরুষ ক্রিকেটের র্যাঙ্কিংয়ের প্রকাশিত হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।
মিরপুরে সোমবার (২০ এপ্রিল) ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩২ রানে ৫ উইকেট শিকার করেছেন তিনি। যা দশ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার।
বল হাতে এমন সাফল্যে পুরস্কার হিসেবে র্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন নাহিদ রানা। ক্যারিয়ার সেরা ৪৪৭ রেটিং পয়েন্ট নিয়ে ৬৪ নম্বরে উঠে এসেছেন ২৩ বছর বয়সী এই টাইগার পেসার।
নাহিদ ছাড়া উন্নতি হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনে। ১০ ধাপ এগিয়ে ৫৮ নম্বরে আছেন তিনি। এছাড়া ১৬ মাস পর ওয়ানডে খেলে আবারও র্যাঙ্কিংয়ে ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম, তার বর্তমান অবস্থান ৩৯তম।
তবে চোটের কারণে প্রথম দুই ম্যাচ না খেলায় ধাক্কা খেয়েছে মোস্তাফিজুর রহমানের র্যাঙ্কিংয়ে। বাঁহাতি এই টাইগার পেসার ৭ ধাপ পিছিয়ে ৫৫ নম্বরে নেগে গেছেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ২ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৮ নম্বরে।
বোলারদের পাশাপাশি টাইগারদের ব্যাটারদেরও উন্নতি হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়েছেন তানজিদ হাসান তামিম। ৫৩৩ রেটিং পয়েন্ট নিয়ে বাঁহাতি এই ওপেনারের অবস্থান ৪০ নম্বরে।
এছাড়া ৫ ধাপ এগিয়ে ২৬ নম্বরে তাওহিদ হৃদয়, যা বাংলাদেশের ব্যাটারদের সর্বোচ্চ। ১ ধাপ এগিয়ে এখন ৪৩ নম্বরে নাজমুল হোসেন শান্ত।
