বাংলাদেশ জাতীয় দলকে শাস্তি দিয়েছে আইসিসি। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে শাস্তি হিসেবে মেহেদী হাসান মিরাজদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) আইসিসির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়, মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি বাংলাদেশ।মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে নির্ধারিত সময়ে দুই ওভার কম বল করেছিল বাংলাশে।
ম্যাচ শেষে মাঠ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল স্লো ওভারের অভিযোগ তোলেন।
বিষয়টি নিয়ে এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শাস্তি আরোপ করেন। তবে মিরাজ অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিকভাবে আর শুনানির প্রয়োজন হয়নি।
সিরিজের প্রথম ম্যাচটি হেরে পিছিয়ে পড়লেও দ্বিতীয় ওয়ানডে জিতে ১-১-এ সমতায় ফিরেছে বাংলাদেশ। সমতায় ফেরার ম্যাচটিতে প্রথমে ফিল্ডিং করে নিউজিল্যান্ডকে ৪৮.২ ওভারে ১৯৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে ৩৫.৫ ওভার ব্যাট করে ৬ উইকেটের জয় তুলে নেয় মেহেদী হাসান মিরাজের দল।
