শ্বাসরুদ্ধকর জয়ে ‘বাংলাওয়াশ’ এড়ালো অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ১৪ জুন ২০২৬
শ্বাসরুদ্ধকর জয়ে ‘বাংলাওয়াশ’ এড়ালো অস্ট্রেলিয়া

টানা দুই জয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়লেও হোয়াইটওয়াশ করতে পারলো না বাংলাদেশ। শরিফুলের দুর্দান্ত বোলিংয়েও ওপেনার কুপার কনোলির দুর্দান্ত ব্যাটিংয়ে শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।

ব্যাট হাতে ওপেনার কুপার কনোলি ১৪৯ রানের ইনিংস খেলেছেন। অন্যদিকে, ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো ৬ উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে লিটন-হৃদয়-মোসাদ্দেকের ফিফটিতে ২৭৪ রানে সংগ্রহ গড়ছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৩ বল বাকি থাকতে ১ উইকেটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

শেষ ম্যাচে শ্বাসরুদ্ধকর জয়ে ২-১ ব্যবধানে শেষ হলো তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

জয়ের জন্য ২৭৫ রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪০ রান যোগ করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার কুপার কনোলি ও অধিনায়ক জশ ইংলিশ। পঞ্চম ওভারে ব্যক্তিগত ২১ রানে ইংলিশকে শিকার করে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন শরিফুল।

এরপর রেনশকে শূন্য হাতে শরিফুল এবং অ্যালেক্স ক্যারিকে ৮ রানে শিকার করেন তাসকিন আহমেদ। ফলে ৭০ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফেরাতে মিডল অর্ডার ব্যাটারদের নিয়ে তিনটি হাফ-সেঞ্চুরির জুটি গড়েন কনোলি। মিডল অর্ডারে মার্নাস লাবুশেন ২৯, ক্যামেরুন গ্রিন ও ওলিভার পিক ২৭ রান করে থামলেও ৮৬ বলে ওয়ানডে ক্যারিয়ারের ১২তম ম্যাচে প্রথম সেঞ্চুরি তুলে নেন কনোলি।
sportsmail24
বল হাতে ৬ উইকেট শিকার করেছেন শরিফুর ইসলাম, ছবি- বিসিবি

 

সেঞ্চুরির পরও অস্ট্রেলিয়ার রানের চাকা ঘুড়িয়ে জয়ের আশা বাঁচিয়ে রাখেন কনোলি। তবে ৪৬তম ওভারে পিক ও বার্টলেটকে এবং ৪৮তম ওভারে ডোয়ারশিষকে বিদায় দিয়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখান শরিফুল। ২৭০ রানে অষ্টম উইকেট হারায় অসিরা।

৪৯তম ওভারে দলীয় ২৭১ রানে বাংলাদেশের পথের কাটা কনোলিকে বোল্ড করেন পেসার মুস্তাফিজুর রহমান। তখন জয়ের জন্য বাংলাদেশের দরকার ১ উইকেট এবং অস্ট্রেলিয়ার প্রয়োজন ৪ রান।

শেষ ওভারে তাসকিনের তৃতীয় বলে চার মেরে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন এডাম জাম্পা। রিলি মেরেডিথ ২ রানে ও জাম্পা ৪ রানে অপরাজিত থাকেন। ১৩ চার ও ৬ ছক্কায় ১৩৪ বলে ১৪৯ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন কনোলি।

১০ ওভারে ৪৮ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়েও বাংলাদেশের হার এড়াতে পারেননি শরিফুল। এছাড়া তাসকিন-মুস্তাফিজ ও মাহেদি ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন অস্ট্রেলিয়ার কনোলি এবং সিরিজ সেরা হন বাংলাদেশের মোসাদ্দেক।

ম্যাচ সেরা হয়েছেন ১৪৯ রান করা অস্ট্রেলিয়ার কুপার কনোলি। সিরিজ সেরা হয়েছেন দীর্ঘদিন পর ওয়ানডে ফরম্যাটে ফেরা মোসাদ্দেক হোসেন।



শেয়ার করুন :