চলতি বছর ভারতের চেন্নাইতে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ (বিবিএল)-এর উদ্বোধনী ম্যাচ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বাইরে অনুষ্ঠিত হবে এ লিগ। একই সাথে ভারতের মাটিতেও এটি প্রথম কোন বিদেশি ক্রিকেট লিগ।
শুক্রবার (১০ জুলাই) ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মেলবোর্ন সফরকালে এই ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার বৃহত্তর কৌশলের এটি একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
চলতি বছরের ১২ ডিসেম্বর ভারতের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মেলবোর্ন রেনেগেডস এবং বর্তমান চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্সের মুখোমুখি হবে। এ ম্যাচ দিয়ে বিগ ব্যাশ লিগ।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এ বিষয়ে বলেন, “খেলাধুলার প্রতি ভালোবাসা ও আবেগের মাধ্যমে অস্ট্রেলিয়া ও ভারত একতাবদ্ধ। খেলাধুলার ক্ষেত্রে ভারতের সঙ্গে সহযোগিতা প্রসারিত করতে পেরে আমি উচ্ছ্বসিত। এটি কেবল অস্ট্রেলিয়ানদের আনন্দই নয়, বরং বাণিজ্য, পর্যটন এবং বিনিয়োগকেও উৎসাহিত করবে।”
ডিসেম্বর মাস জুড়ে ভারতজুড়ে অনুষ্ঠিতব্য ‘জি’ডে নমস্তে’ নামক সপ্তাহব্যাপী উৎসবের মূল আকর্ষণ হবে এই ম্যাচ। যেখানে অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক, ব্যবসায়িক এবং ক্রীড়া অনুষ্ঠানগুলো প্রদর্শিত হবে বলেও জানানো হয়।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আলবানিজের সঙ্গে এক যৌথ উপস্থিতিতে মোদি বলেন, “আমি আত্মবিশ্বাসী যে, খেলাধুলার মতোই আমাদের এই জুটিও সব ক্ষেত্রে চ্যাম্পিয়ন হবে।”
বিবিএল ম্যাচটিকে ঘিরে টিকিট বিক্রির মতো বাণিজ্যিক শর্তাবলী এখনো চূড়ান্ত হয়নি। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবিএল প্রধান অ্যালিস্টার ডবসন সাংবাদিকদের বলেছেন, আমরা জানি সারা ভারতে, বিশেষ করে চেন্নাইয়ে, ক্রিকেটের দারুণ অনুরাগী ভক্ত রয়েছে। আমরা যাদের সঙ্গেই কথা বলেছি, তারা সবাই বেশ আশাবাদী যে, ভালো দর্শক সমাগম হবে।
