অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট দলে উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাসকে যুক্ত করা হয়েছে। বাঁ পায়ের কাফ মাসলের চোট থেকে সেরে উঠার প্রক্রিয়ায় উন্নতির ফলে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চোটের কারণে ৩১ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার গত জুন মাস থেকে মাঠের বাইরে ছিলেন। তবে তার পুনর্বাসন কর্মসূচিতে ভালোভাবে সাড়া দেওয়ায় অসিদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য লিটন দাসকে দলে অন্তর্ভুক্ত করা হয়।
১৩ আগস্ট (বৃহস্পতিবার) ডারউইনে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দলে ইতিমধ্যে অস্ট্রেলিয়া পৌঁছেছে।
দলে অন্তর্ভুক্ত হওয়ায় বাকিদের সাথে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দিবেন লিটন দাস। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাকাইয়ে শুরু হবে ২২ আগস্ট। সিরিজ শুরুর আগে ৬-৮ আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দলের সেটাই ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ।
বাংলাদেশ টেস্ট দল (লিটন দাস যুক্ত হওয়ার পর)
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, শাদমান ইসলাম, তানজিদ হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুসফিক হাসান এবং লিটন কুমার দাস।
