বিশ্বজুড়ে ফুটবলের দেশ হিসেবে পরিচিত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এবার ক্রিকেটে ইতিহাস গড়লো তারা। প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে ব্রাজিল। টুর্নামেন্টের ২১তম আসরের ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে পানামাকে ৩ রনে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।
১৯৯৫ সাল থেকে শুরু হওয়া টুর্নামেন্টের ১৯ আসরে অংশ নিয়েছে ব্রাজিল। এর মধ্যে চারবার (১৯৯৭, ২০২৫, ২০২২ ও ২০২৪ সাল) ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি তারা। নিজেদের ২০তম আসরে শিরোপা জিতে ৩১ বছরের অপেক্ষার অবসান ঘটালো।
দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ১৯ বার অংশ নিয়ে রেকর্ড ১২বার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এছাড়া মেক্সিকো ৩ বার, গায়ানা ও চিলি ২ বার করে এবং পানামা ১ বার শিরোপা জিতেছে।
কলম্বিয়ার কুন্দিনামার্কায় অনুষ্ঠিত ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পায় ব্রাজিল। ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলে ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান তুলে তারা। ওপেনার উইলিয়াম ম্যাক্সিমোর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৫ রান।
এছাড়া অধিনায়ক মিশেল আসুনসাওয়ে করেন ৩০ রান। বিপরীতে বল হাতে পানামার লালু ভাই আহির ও মাহমেদ বাওয়া ২টি করে উইকেট নেন।
জবাবে ৪৬ বলে ৫১ রানের দারুণ সূচনা করে পানামা। এক পর্যায়ে ১৪ ওভার শেষে ২ উইকেটে ৯৩ রানও ছিল তাদের। তবে এরপরই পথ হারায় পানামা। শেষ ওভারে ৬ উইকেট হাতে নিয়ে ১৪ রান দরকার পড়ে তাদের।
শেষ ওভার থেকে ১ উইকেটের বিনিময়ে ১০ রান তুলতে পারে পানামা। ৩০ রান ও ২ উইকেট নিয়ে ফাইনালে সেরার পুরস্কার জিতেছেন ব্রাজিলের দলনেতা আসুনসাও।
শিরোপা জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছে ক্রিকেট ব্রাজিল। তারা লিখেছে, প্রথমবারের মতো ক্রিকেটে ইতিহাস গড়ল ব্রাজিল। ব্রাজিলের পুরুষ ক্রিকেট দল এখন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন। এই শিরোপা ব্রাজিলিয়ান ক্রিকেটের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করল। আমরাই চ্যাম্পিয়ন। আমরাই ব্রাজিল।
