এশিয়ান গেমসকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল (পুরুষ)। এশিয়ান গেমসের জন্য ঘোষিত দলের বেশিরভাগ খেলোয়াড়ই প্রথমদিনের অনুশীলন সেশনে অংশ নিয়েছেন।
পেসার শরীফুল ইসলাম বর্তমানে ছুটিতে রয়েছেন। ১৫ সেপ্টেম্বর তার ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া আরেক পেসার হাসান মাহমুদ কাউন্টি ক্রিকেট খেলতে বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন। আর দক্ষিণ আফ্রিকা সফরে থাকা বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড়রা দেশে ফিরে এশিয়ান গেমসের দলে যোগ দিবেন।
২০তম এশিয়ান গেমস ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট ইভেন্ট শুরু হবে ২৪ সেপ্টেম্বর।
র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। ২৮ সেপ্টেম্বর গ্রুপ-বি’র বিজয়ী দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ এশিয়ান গেমস মিশন শুরু করবে। গ্রুপ-বি’তে রয়েছে মালয়েশিয়া, হংকং ও ওমান।
পুরুষদের ক্রিকেট ইভেন্টে সর্বমোট ১৪টি দল অংশ নিবে। গ্রুপ পর্বের খেলা ২৪-২৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২৮ ও ২৯ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনাল, ১ অক্টোবর সেমিফাইনাল ও ৩ অক্টোবর ফাইনাল ও ব্রোঞ্জ পদকের ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
