বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে আবারও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে উপযুক্ত মনে করে কোন দায়িত্ব দিলে তা গ্রহণ করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কোচ হিসেবে আগে কাজ করা খালেদ মাহমুদ জানান, বোর্ড প্রস্তাব দিলে দায়িত্ব নিতে রাজি। তবে এখন পর্যন্ত তাকে নির্দিষ্ট মেয়াদে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়নি।
সাংবাদিকদের তিনি বলেন, “কোচিং আমার রুটি-রুজি। বোর্ড যদি মনে করে আমি যোগ্য এবং আমাকে দায়িত্ব দেয়, তাহলে অবশ্যই আমি তা গ্রহণ করবো।”
বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন খালেদ মাহমুদ সুজন। নতুন করে এই দায়িত্ব দেওয়ায় বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
খালেদ মাহমুদ বলেন, “সভাপতি (তামিম ইকবাল) আমাকে গেম ডেভেলপমেন্ট কনসালট্যান্টের দায়িত্ব দিয়েছেন। তিনি হয়তো মনে করেছেন, এই জায়গায় আমি অবদান রাখতে পারবো। আমাকে যোগ্য মনে করায় আমি তাকে ধন্যবাদ জানাই। আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো।”
জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন রয়েছে -তবে এমন আলোচনা উড়িয়ে দিয়েছেন খালেদ মাহমুদ। জানান, দীর্ঘদিন ধরেই সালাহউদ্দিনের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে।
খালেদ মাহমুদ সুজন বলেন, “মানুষ এমনটা বলে, কিন্তু সালাহউদ্দিন আর আমি এভাবে ভাবি না। ছোটবেলা থেকেই আমরা একে অপরকে চিনি। একসঙ্গে খেলেছি, পরে কোচিংয়েও এসেছি। তার সঙ্গে আমার সব সময়ই ভালো সম্পর্ক ছিল।”
