আমরা এখন বড় টুর্নামেন্টে ম্যাচ জেতার কৌশল জানি: জ্যোতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫
আমরা এখন বড় টুর্নামেন্টে ম্যাচ জেতার কৌশল জানি: জ্যোতি

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি জানান, এখন বাংলাদেশ দল জানে কিভাবে বড় টুর্নামেন্টে ম্যাচ জিততে হয়।

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের আগের সাফল্যকে ছাপিয়ে যেতে আসন্ন মেগা ইভেন্টে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছে বাংলাদেশ দল।

গত ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। নিজেদের প্রথম আসরে ৭ ম্যাচ খেলে মাত্র ১টিতে জয় পায় টাইগ্রেসরা। লিগ পর্বে পাকিস্তানকে ৯ রানে হারায় বাংলাদেশ।

জ্যোতি জানান, বড় লক্ষ্য নিয়েই ভারত ও শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামবে বাংলাদেশ। ব্যাঙ্গালুরু এবং কলম্বোতে একসাথে অনুষ্ঠিত ক্যাপ্টেন্স ডে অনুষ্ঠানে বক্তব্যেে এমনটা জানিয়েছেন।

জ্যোতি বলেন, “এটি আমাদের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ। এর আগে আমরা অনভিজ্ঞ ছিলাম এবং বড় মঞ্চে জয়ের কৌশল জানতাম না। গত বিশ্বকাপের পর আমরা দেশে এবং বিদেশে অনেক ক্রিকেট খেলেছি, অভিজ্ঞতা বেড়েছে। এখন আমরা বড় টুর্নামেন্টে ম্যাচ জয়ের কৌশল জানি।”

এবারের বিশ্বকাপে বাংলাদেশের ভালো সুযোগ দেখছেন জ্যোতি। বলেন, “আমরা এবারের বিশ্বকাপে ভালো করার জন্য মুখিয়ে আছি। এবারের আসরে আমাদের ভালো করার সুযোগ আছে।”

জ্যোতি আরও বলেন, “যেখানে নারী ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ছে, সেখানে ক্রিকেটকে তুলে ধরার জন্য নিজেদের দায়িত্ব সর্ম্পকে আমরা সচেতন। আমরা বিশ্বাস করি, পারফরমেন্সের মাধ্যমে সমর্থকদের প্রতিদান দেওয়ার সময় এসেছে।”



শেয়ার করুন :