নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ হারলেও বল হাতে আলো ছড়িয়েছেন টাইগার পেসার শরিফুল ইসলাম। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে নিজের ক্যারিয়ারের সবচেয়ে মিতব্যয়ী বোলিং করেছেন তিনি।
শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০ ওভার বল করে ৪২টি ডট আদায় করেছেন শরিফুল। যেখানে ২টি মেডেন ওভারও ছিল। তার এই বোলিংয়ে মাত্র ২৭ রানে শিকার করেন ২টি উইকেট।
দীর্ঘ ১৬ মাস পর ৫০ ওভারের ক্রিকেটে খেলতে নেমেছিলেন পেসার শরিফুল ইসলাম। ৪১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে পুরো ১০ ওভার বোলিং করে এটিই সবচেয়ে মিতব্যয়ী বোলিং পারফরমেন্স শরিফুলের। যেখানে ওভারপ্রতি দিয়েছেন মাত্র ২.৭০ রান।
বল হাতে এই ম্যাচের আগে আরও একবার কম রান দিয়েছিলেন শরিফুল। তবে সেই ম্যাচে ৯ ওভার বল করেছিলেন। ২০২৩ সালের জুলাইয়ে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ৯ ওভার বল ২১ রানে ৪ উইকেট শিকার করেছিলেন বাঁ-হাতি এই পেসার। ম্যাচে রান দিয়েছিলেন ওভারপ্রতি ২.৩৩ করে।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে একাদশেও ছিলেন না শরিফুল। ম্যাচ শুরুর আগ মুহূর্তে ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করায় একাদশ থেকে ছিটকে পড়েন মোস্তাফিজুর রহমান। ফলে তার পরিবর্তে একাদশে সুযোগ পান শরিফুল।
২০২১ সালের মে মাসে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় শরিফুলের। এখন পর্যন্ত দেশের হয়ে ৪১ ওয়ানডেতে ৬০ উইকেট শিকার করেছেন টাইগার এই পেসার।
