শান্তর সেঞ্চুরির পর ফাইফার মোস্তাফিজ, বাংলাদেশের সিরিজ জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৫ পিএম, ২৩ এপ্রিল ২০২৬
শান্তর সেঞ্চুরির পর ফাইফার মোস্তাফিজ, বাংলাদেশের সিরিজ জয়

নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহের পর বল হাতে আগুন ঝড়ালেন ইনজুরি থেকে একাদশে ফেরা মোস্তাফিজুর রহমান। সফররত নিউ জিল্যান্ডকে ৫৫ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে মেহেদী হাসান মিরাজরা। একই সাথে তিন ম্যাচের সিরিজও জয় করলো বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ২৬৫ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। দলে বড় সংগ্রহের পেছনে ব্যাট হাতে নাজমুল হোসেন শান্ত ১০৫ এবং লিটন কুমার দাস ৭৬ রানের ইনিংস খেলেন।

জবাবে ব্যাট করতে নেমে মোস্তাফিজদের বোলিং তোপে ৪৪.৫ ওভারে ২১০ রানে গুটিয়ে নিউ জিল্যান্ডের ইনিংস।

নিউ জিল্যান্ডকে গুটিয়ে দেওয়ার পথে বল হাতে ৪৩ রানে ৫ উইকেট শিকার করে ইনজুরি থেকে ফেরা মোস্তাফিজুর রহমান। ৯ ওভারে বল করে দুটি মেডেন আদায় করেন তিনি।

এছাড়া দুটি করে উইকেট নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং নাহিদ রানা। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাসের চর্তর্থ জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

এছাড়া শেষ দিকে তাওহিদ হৃদয়ের অপরাজিত ৩৩ এবং মেহেদী হাসান মিরাজের ২২ রানে বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিলো বাংলাদেশ। ঢাকার মিরপুরে অনুষ্ঠিত দুই ম্যাচে প্রথমটিতে হেরে পিছিয়ে গেলেও দ্বিতীয় ম্যাচে নাহিদ রানা বোলিং ঝড়ে জয় তুলে সমতায় ফিরে বাংলাদেশ।

এই ম্যাচের সেরা খেলোয়ড় নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া সিরিজ সেরা হয়েছেন টাইগার পেসার নাহিদ রানা।



শেয়ার করুন :