ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে তাইজুল, মুশফিক-লিটনের বড় উন্নতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৯ পিএম, ২৭ মে ২০২৬
ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে তাইজুল, মুশফিক-লিটনের বড় উন্নতি

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর আইসিসি টেস্ট র‌্যাংকিংয়েও বড় সুখবর পেয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে বড় উন্নতি করেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। এছাড়া বোলিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

সিলেট টেস্টে ২৩ ও ১৩৭ রানের ইনিংস খেলে সিরিজ সেরা হওয়া মুশফিক আইসিসি পুরুষ টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৬ নম্বরে। দুই টেস্টে তার সংগ্রহ ছিল ২৫৩ রান। একই টেস্টে ১২৬ ও ৬৯ রানের ইনিংস খেলা ম্যাচসেরা লিটন দাস ১৪ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন।

বোলিং র‌্যাংকিংয়ে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে তাইজুল ইসলামের। সিলেট টেস্টে ম্যাচে ৯ উইকেট নেওয়া এই বাঁহাতি স্পিনার দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১১ নম্বরে উঠে এসেছেন। ম্যাচে তার বোলিং ফিগার ছিল যথাক্রমে ৩/৬৭ ও ৬/১২০।

বাংলাদেশের আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজও দুই ধাপ এগিয়ে এখন ২৫ নম্বরে অবস্থান করছেন। এছাড়া তরুণ পেসার নাহিদ রানা পাঁচ উইকেট নিয়ে ৬৪তম স্থান থেকে ৫৪ নম্বরে উঠে এসেছেন।

সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ এখন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে।

সিরিজের হোয়াইটওয়াশ হলেও পাকিস্তানের ব্যাটার ও অধিনায়ক শান মাসুদ ও সালমান আলি আগা দুই ধাপ করে এগিয়েছেন। মাসুদ এখন ৪৪তম এবং সালমান ২৭তম স্থানে রয়েছেন।

এছাড়া বোলিংয়ে খুররম শাহজাদ ৪৯তম স্থানে পুনরায় র‌্যাংকিংয়ে ফিরেছেন, আর হাসান আলি এক ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠে এসেছেন।



শেয়ার করুন :