বাংলাদেশের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্টে ধীরগতির ওভার রেটের কারণে পাকিস্তান ক্রিকেট দলকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া শাস্তি হিসেবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আট পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।
এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো অভিযোগ পাওয়ার পর পাকিস্তানকে এমন শাস্তি দেন। পাকিস্তান নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে আট ওভার কম বল করেছিল।
পাকিস্তান অধিনায়ক শান মাসুদ অভিযোগের পর দোষ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটলবোরো ও কুমার ধর্মসেনা, তৃতীয় আম্পায়ার আল্লাহুদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল পাকিস্তানের বিপক্ষে এই অভিযোগ দায়ের করেছিলেন।
মিরপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে হেরে গিয়ে সিরিজে পিছিয়ে গেছে। ম্যাচ হারের দুঃখের সাথে আইসিসি থেকেও বড় দুঃসংবাদ পেল পাকিস্তান টেস্ট ক্রিকেট। ম্যাচ হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে আট পয়েন্ট কেটে নেওয়া পাকিস্তানের জন্য হতাশার।
