পাকিস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫০ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

জুনিয়র এশিয়া কাপ হকিতে লাল-সবুজের মেয়েদের দুর্দান্ত জয়রথ ছুটে চলছে। প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব- ২০ নারী হকি দল।

রবিবার (৫ সেপ্টেম্বর) চীনের হুলুনবুইর সিটির প্রতিকূল আবহাওয়া, অবিরাম বৃষ্টি আর তীব্র ঠান্ডাকে জয় করে মাঠজুড়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশের মেয়েরা।

কনকনে ঠান্ডার চ্যালেঞ্জ মাথায় নিয়ে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক কৌশল নেন কোচ আরিফ আলীর শিষ্যরা। প্রথম কোয়ার্টারের ৯ মিনিটে লনিমা নূপুরের দুর্দান্ত ফিল্ড গোলে লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারের ১৯ মিনিটে নাদিরা ইমা আরও একটি চোখধাঁধানো ফিল্ড গোল করলে ব্যবধান দ্বিগুণ হয়।

প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ সম্পূর্ণ নেয় লাল-সবুজ দল। তৃতীয় কোয়ার্টারে বৃষ্টির বেগ বাড়লেও আক্রমণের ধার কমেনি বাংলাদেশের। ৩৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে নিখুঁত শটে দলের তৃতীয় গোলটি করেন অধিনায়ক শারিকা রিমন।

ম্যাচের ৪১ মিনিটে পাকিস্তানের মারিয়া শাকিল একটি ফিল্ড গোল করে ব্যবধান ৩-১ করলেও তার ঠিক দুই মিনিট পর ৪৩ মিনিটে বাংলাদেশের কনা আক্তার দারুণ এক ফিল্ড গোলে দলের চতুর্থ গোলটি নিশ্চিত করেন। এরপর ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে ৫৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলের পঞ্চম ও শেষ গোলটি উপহার দেন আইরিন আক্তার রিয়া।

এমন বৈরী আবহাওয়ার মাঝেও টানা দুই ম্যাচে বড় জয় পেয়ে বাংলাদেশ দল এখন ফুরফুরে মেজাজে ও বেশ আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশের আরও দুটি ম্যাচ বাকি আছে।



শেয়ার করুন :