দীর্ঘ ২৩ বছর পর টেস্ট খেলতে অস্ট্রেলিয়ায় গেল বাংলাদেশ দল। শুক্রবার (৩১ জুলাই) দিনগত রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল ঢাকা ত্যাগ করেছে।
সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দলের সেটাই ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ। এরপর মিরপুর, ফতুল্লা এবং চট্টগ্রামে খেললেও অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ খেলেনি বাংলাদেশ।
২৩ বছর পর স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩ আগস্ট ডারউইনে সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ আগস্ট।
টেস্ট সিরিজের আগে অস্ট্রেলিয়ায় স্থানীয় একটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজটি নিয়ে রোমাঞ্চ থাকলেও চোটের কারণে দলের একাধিক ক্রিকেটার ছিটকে গেছে।
সাইড স্ট্রেনের চোটের কারণে পুরো সিরিজেই খেলতে পারবেন না তারকা পেসার নাহিদ রানা। এছাড়া উইকেটকিপার-ব্যাটার লিটন দাস এবং পেসার শরীফুল ইসলাম প্রথম টেস্ট খেলতে পারবে না।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ৬টি টেস্ট খেলেছে বাংলাদেশ দল। এর মধ্যে ২০১৭ সালে মিরপুরে একমাত্র জয় ছাড়া বাকি পাঁচটিতে হেরেছ।
