সিরিজের আগে অস্ট্রেলিয়া একাদশের কাছেই নাস্তাবুদ হলো নাজমুল হোসেন শান্তরা। প্রথম ইনিংসে ২৬৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩৫৫ রান করা ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইনিংস এবং ৩৮ রানের ব্যবধানে হেরেছে টাইগাররা।
ডারউইনের মারারা ওভালে বাংলাদেশের বিপক্ষে ৯২ রানের লিড পেয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। কিন্তু দ্বিতীয় ইনিংসে এই রানও করতে পারলো না বাংলাদেশ।
দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৯ রান করেছিল বাংলাদেশ। ফলে তিন দিনের প্রস্তুতি ম্যাচের শেষ দিনে ৭৩ রানে পিছিয়েছিল টাইগারররা। তবে মাত্র ১৭ ওভারেই বাকি ৮ উইকেট হারায় নাজমুল হোসেনের দল। ফলে ইনিংস এবং ৩৮ রানে জয় পায় জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ।
বাংলাদেশকে গুড়িয়ে দেওয়ার পিছনে বল হাতে সফল ছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার ক্যাম্পবেল থম্পসন। ১০ উইকেটের মধ্যে ৮টিই নিয়েছেন তিনি। বাকি দুই উইকেট নিয়েছেন অফ স্পিনার কোরি রকিচোলি।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাোরদের মধ্যে শুধু একজনই নিজের সংগ্রহ দুই অঙ্কের ঘরে নিতে পেরেছেন। ওপেনার তানজিদ হাসান ৪১ বল খেলে করেছেন ২২ রান। বাকিরা ৯ জনই ছিলেন সিঙ্গেল ডিজিটে!
প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ফেরার বার্তা দিলেও দ্বিতীয় ইনিংসে ১৫ বলে ৬ রান করেছেন মিরাজ। যদিও এই ৬ রানই বাংলাদেশের শিবিরের দ্বিতীয় সর্বোচ্চ রান! এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেন ঘরে ফিরেছেন খালি হাতে।
