হৃদয়ের সবকিছুই ছিল অসাধারণ, সিমন্সের মুখে ভূয়সী প্রশংসা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ০৭ নভেম্বর ২০২৬
হৃদয়ের সবকিছুই ছিল অসাধারণ, সিমন্সের মুখে ভূয়সী প্রশংসা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ডাবল সেঞ্চুরি করে বাংলাদেশকে ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছেন তাওহীদ হৃদয়। রেকর্ডগড়া ইনিংসের পর বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স হৃদয়ের ভূয়সী প্রশংসা করেছেন।

৩৫৯ বলে ২২টি চার ও ১১টি ছক্কায় অপরাজিত ২৪২ রান করেছেন তাওহিদ হৃদয়। যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ। তার ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৩৮৬ রান করে বাংলাদেশ। ১৮৪ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়া স্বাগতিকরা শেষ পর্যন্ত ৩০ রানের লিড এনে দেন হৃদয়।

হৃদয়ের ইনিংসকে অসাধারণ উল্লেখ করে সিমন্স বলেন, দায়িত্ব নিয়ে ব্যাটিং এবং দীর্ঘ সময় ক্রিজে থাকার পর শেষ দিকে ক্লান্ত হয়ে পড়লেও অসাধারণ দৃঢ়তা দেখিয়েছেন তিনি।

দিনের খেলা শেষে সাংবাদিকদের সিমন্স বলেন, “এটি ছিল অসাধারণ একটি ইনিংস। ক্লান্ত হওয়ার পরও সে (তাওহিদ হৃদয়) যেভাবে বাউন্ডারি খুঁজে পেয়েছে এবং ছক্কা মেরেছে, তা অবিশ্বাস্য।”

তিনি বলেন, “কোন শট কখন খেলতে হবে এবং শেষ তিন ব্যাটারকে কখন স্ট্রাইক দিতে হবে, সে বিষয়ে অসাধারণ ম্যাচ সচেতনতার পরিচয় দিয়েছে হৃদয়। এই ইনিংসে সে যা করেছে, তার সবকিছুই ছিল অসাধারণ।”

ঢাকায় প্রথম টেস্টে হৃদয়ের ব্যাটিংয়ে তেমন প্রভাব না থাকায় সিলেটের ইনিংসটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ওই ম্যাচে কিছু দায়িত্বজ্ঞানহীন শট খেলার কারণে দীর্ঘ সংস্করণের ক্রিকেটে তার ব্যাটিং পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছিল।

তবে বাংলাদেশের কোচ মনে করেন, টেস্ট ব্যাটার হিসেবে দ্রুত পরিণত হচ্ছেন হৃদয়। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে ভুল করার জন্য তাকে কঠোরভাবে বিচার করা উচিত নয়।

সিমন্স বলেন, “ঢাকায় সে দু-একটি বাজে শট খেলেছিল। কিন্তু সেটি ছিল তার দ্বিতীয় টেস্ট ম্যাচ। তাই ওই ভুলের জন্য তাকে দোষারোপ করা যায় না। আমার মনে হয়, সে দ্রুত পরিণত হচ্ছে এবং আজ আমরা সেটির প্রমাণ দেখেছি।”

ইনিংস চলাকালে হৃদয়কে কোনো বিশেষ নির্দেশনা দেননি বলেও জানান বাংলাদেশের কোচ। তার মতে, মাঠে নামার পর ব্যাটারদের নিজেদের দায়িত্ব নিতে হয়।

হৃদয়কে সহযোগিতা করায় তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদেরও প্রশংসা করেন সিমন্স। এছাড়া দ্বিতীয় ইনিংসে বল হাতে তিন স্পিনার আরও ভালো প্রভাব ফেলবেন বলেও বিশ্বাস করেন সিমন্স।



শেয়ার করুন :