পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের নতুন ইতিহাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২২ জুলাই ২০২৫
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের নতুন ইতিহাস

পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচের সিরিজ জিতেছিল টাইগাররা। তবে এবারই প্রথম পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ। মিরপুরে লো স্কোর ম্যাচে সফরকারীদের ৮ রানে হারিয়ে এ নতুন ইতিহাস রচনা করলো লিটন দাসরা। প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

মঙ্গলবার (২২ জুলাই) টস হেরে প্রথমে ব্যাট করে জাকের আলীর ফিফটিতে ১৩৩ রানের সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। জবাবে ফাহিম আশরাফের ফিফটিতে জয়ের কাছে গিয়ে হেরে যায় পাকিস্তান। টাইগার বোলারদের বোলিং তোপে ৪ বল বাকি থাকতে ১২৫ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত (চলমান সিরিজ বাদে) ৬টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে এক, দুই ও তিন ম্যাচের সিরিজ ছিল। যেখানে ছয় সিরিজের পাঁচটিই জিতেছে পাকিস্তান, বাকি ১টিতে জয় পেয়েছে বাংলাদেশ। সেটি অবশ্য এক ম্যাচের সিরিজ ছিল।

২০১৫ সালে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ নিয়েছিল বাংলাদেশ। এছাড়া ঘরের মাঠে পাকিস্তানের কাছে দু’টি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ম্যাচে জাকের আলির লড়াকু হাফ-সেঞ্চুরিতে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১টি চার ও ৫টি ছক্কায় ৪৮ বলে ৫৫ রান করেন ম্যাচ সেরা জাকের আলী।

১৩৪ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে ১৫ রানে পাকিস্তানের ৫ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয়ের পথ তৈরি করেছিলেন বোলাররা। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয় পাকিস্তান।

২৪ জুলাই মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে দু’দল।



শেয়ার করুন :