টি-টোয়েন্টি দলে ফিরলেন লিটন, বাদ সৌম্য-সাইফুদ্দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৬ পিএম, ২৩ অক্টোবর ২০২৫
টি-টোয়েন্টি দলে ফিরলেন লিটন, বাদ সৌম্য-সাইফুদ্দিন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে ইনজুরি থেকে সেরে ওঠায় ফিরেছেন অধিনায়ক লিটন কুমার দাস। এছাড়া সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার এবং মোহাম্মদ সাইফুদ্দিন।

সাইড স্ট্রেইন ইনজুরির কারণে সর্বশেষ এশিয়া কাপের শেষ দিকে এবং সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি লিটন।

এশিয়া কাপ এবং আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে মাত্র একটি পরিবর্তন এসেছে। দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। এছাড়া দলে রাখা হলেও ভিসা জটিলতায় যেতে না পারা সৌম্য সরকারকেও এবার দলে রাখা হয়নি।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।



শেয়ার করুন :