টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচটিই মাঠে গড়াতে পারলো না। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টির কারণে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে হয়েছে। একটি বল মাঠে না গড়ানোর ফলে দুই দলকে নিতে হয়েছে পয়েন্ট ভাগা করে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ম্যাচটির টস সম্পন্ন হয়েছিল। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। তবে ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত দর্শকদের হতাশ করে বৃষ্টি।
ম্যাচের শুরুতে বৃষ্টির শঙ্কা থাকলেও নির্ধারিত সময়েই টস হয়েছিল। টস পর্ব শেষ হওয়ার কিছুক্ষণ পরেই শুরু হয় প্রবল বৃষ্টি। দ্রুতই পুরো মাঠ কাভারে ঢেকে দেওয়া হলেও বৃষ্টি থামার কোন লক্ষণই ছিল না।
টানা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। এরপর বাংলাদেশ সময় রাত ৮টা ৪০ মিনিট থেকে ওভার কাটা শুরু হয়। অন্তত ৫ ওভারে ম্যাচ খেলতে হলে রাত ১০টা ৪৬ মিনিটের মধ্যে খেলা শুরু করতে হত। তবে বৃষ্টির কারণে সেই সম্ভাবনাও ফিকে হয়ে যায়।
বৃষ্টি না থামায় বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ম্যাচ অনুষ্ঠিত না হওয়ার ফলে দুই দলই এক পয়েন্ট পেয়েছে। গ্রুপ-২ থাকা সুপার এইটে এই দু’দলের বাকি প্রতিপক্ষ ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা।

মোশারফ হোসাইন