নেপালের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় বঞ্চিত হলো বাংলাদেশ ফুটবল দল। শুরুতে পিছিয়ে গিয়ে দ্বিতীয়ার্ধে এগিয়ে গেলে ম্যাচের শেষ মুহূর্তে গোল খেলে বসে বাংলাদেশ।
এর আগে হংকং এর বিপক্ষেও শেষ মুহূর্তের গোলে জয় বঞ্চিত হতে হয়েছিল বাংলাদেশ ফুটবল দলকে। এ ম্যাচের আগে অধিনায়ক জামাল ভূঁইয়া শেষ মুহূর্তে ভবিষ্যতে আর দেখবেন না বললেও কোন ফল পাওয়া গেল না।
বাংলাদেশের ভুলে ম্যাচের ৩২তম মিনিটে এগিয়ে যায় নেপাল। মাঠের বাঁ প্রান্তে নেপালের বাড়ানো বলে খেই হানিয়ে ফেলে বাংলাদেশ। ডিফেন্ডার সাদ উদ্দিনের ভুলে ডি বক্সে বাইরে থেকে দারুণ এক শটে গোল আদায় করে নেন নেপালের রোহিত চাঁদ।
এর আগে শুরুর প্রথম ২০ মিনিটে খেলায় কোন উত্তেজনাই ছিল না। গোল খেয়ে পিছিয়ে পড়লে কিছুটা আক্রমণ বাড়ায় বাংলাদেশ। তারেই ধারাবাহিতকতায় ৩৬তম মিনিটের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
এরপর ম্যাচের ৪৩তম মিনিটে আরও একটি আক্রমণে গিয়েছিল বাংলাদেশ। তবে ফয়সাল আহমেদ ফাহিমের দুর্বল হেড নেপালের গোলকিপার সহজেই লুফে নিলে হতাশ হতে হয়।
প্রথমার্ধের অতিরিক্ত তিন মিনিটেও শেষ মিনিটে আরও একটি আক্রমণে গিয়েছিল হামজা চৌধুরীরা। তবে গোল পরিশোধ করতে না পারায় ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় জামাল ভূঁইয়ারা।
দ্বিতীয়ার্ধে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। মো. সোহেল রানাকে (জুনিয়র) উঠিয়ে শমিত সোমকে মাঠে নামায় কোচ হাভিয়ার কাবরেরা।
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই সমতায় ফিরে বাংলাদেশ। ডি বক্সের বাইরে থেকে অধিনায়ক জামাল ভূঁইয়ার বাড়ানো বলে বাইসাইকেল শটে দারুণ এক গোল আদায় করে নেন হামজা চৌধুরী। হামজার গোলে উল্লাসে ফেটে পড়েন বাংলাদেশি ভক্তরা।
৫০তম মিনিটে হামজার পেনাল্টি শটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ৪৮তম মিনিটে ডি বক্সে রাকিব হাসানকে সুমন সেত্রা ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজার শ্রীলঙ্কার রেফারি কাসুম লাকমল।
পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে বাংলাদেশের জার্সি গায়ে নিজের ছয়ে ম্যাচে চতুর্থ গোল আদায় করে নেন হামজা চৌধুরী।
ম্যাচের ৬৯তম মিনিটে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যান জায়ান আহমেদ। এরপর ৭১তম মিনিটে একসাথে তিনটি পরিবর্তন আনেন কাবরেরা। জায়ানের পরিবর্তে শাকিল আহাদ তপু, ফয়সাল আহমেদ ফাহিমের পরিবর্তে শাহারিয়ার ইমন এবং সোহেল রানার (সিনিয়র) পরিবর্তে মো. হৃদয়কে মাঠে নামানো হয়।
তিন পরিবর্তনেও ম্যাচের গতি না ফেরায় আবারও পরিবর্তনের দিকে যায় বাংলাদেশের কোচ। ম্যাচের ৮০তম মিনিটে হামজা চৌধুরীকে তুলে নিয়ে কিউবা রাউল মিচেলকে নামানো হয়। এর মধ্য দিয়ে বসুন্ধরা কিংসের হয়ে খেলা কিউবা মিচেলের দেশের জার্সি গায়ে অভিষেক হয়।
নির্ধারিত সময়ের ৯০ মিনিটের খেলা শেষে অতিরিক্ত হিসেবে ৫ মিনিট যোগ করা হয়। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে (৯০+৩) কর্নার থেকে গোল খেয়ে বসে বাংলাদেশ। শেষ মুহূর্তে গোল গোল খাওয়ায় জয় বঞ্চিত হয় বাংলাদেশ। ২-২ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।
