‘মিশন অস্ট্রেলিয়া’ সামনে রেখে মালয়েশিয়ার কাছে হার দিয়ে ত্রিদেশীয় সিরিজের যাত্রা শুরু করলো বাংলাদেশ নারী ফুটবল দল। সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হেরে গেছে ঋতুপর্ণা চাকমারা।
মালয়েশিয়ার বিপক্ষে পুরো ম্যাচে এলোমেলো ফুটবল খেলেছে বাংলাদেশের মেয়েরা। প্রধমার্ধের ২৯তম মিনিটে নিজেদের ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
ম্যাচের ২৯তম মিনিটে জয়সূচক গোলটি করেন নূর আইনসাহ। কাউন্টার এ্যাটাক থেকে খেলার ধারার বিপরীতে গিয়ে গোল করে বসে মালয়েশিয়া।
গোলরক্ষক রুপনা চাকমা পোস্ট থেকে বেরিয়ে আসলে নূর দারুণ শটে বল জালে পাঠান। পাশে থাকা ডিফেন্ডার কোহাতি কিসকু মালয়েশিয়ান ফরোয়ার্ডকে আটকাতে পারেননি।
তার আগে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালিয়েছে স্বাগতিকরা। তবে ফিনিশিংয়ের অভাবে কাঙ্খিত গোলের দেখা পায়নি। ৭ মিনিটে পরপর দুটি সুযোগ থেকে বাংলাদেশ গোল আদায় করতে পারেনি।
লাল-সবুজের জার্সিতে অভিষেক হওয়া সুলতানার দারুণ এক পাস থেকে ডান দিক থেকে বক্সে আড়াআড়ি ক্রস বাড়িয়েছিলেন শামসুন্নাহার জুনিয়র। দৌঁড়ে গিয়ে লাফিয়ে হেড করতে গিয়ে বলের নাগাল পাননি মনিকা চাকমা। পরের মিনিটে ডানদিকে ঋতুপর্ণার কর্নার থেকে শামসুন্নাহার জুনিয়রের হেড লক্ষ্যভ্রষ্ট হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতে রক্ষণভাগের ভুলে বাংলাদেশ দ্বিতীয় গোল হজম থেকে রক্ষা পায়। হেনরিটা জাস্টিনের দুর্বল শট সোজা রুপনার তালুতে জমা পড়ে। ৬৮তম মিনিট পর সমতায় ফেরার দারুণ সুযোগ নষ্ট করে বাংলাদেশ।
বদলী ফরোয়ার্ড তহুরার সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সে ক্রস বাড়ান ঋতুপর্ণা। কিন্তু ফাঁকায় থাকা সাগরিকার হেড পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
৭৬তম মিনিটে জোড়া খেলোয়াড় বদলী করেও সফল হননি বাংলাদেশের কোচ পিটার বাটলার। ঋতুপর্ণা ও শামসুন্নাহার সিনিয়র জায়গায় মাঠে নামেন মামনি চাকমা ও জয়নব বিবি। ৮৫তম মিনিটে তহুরার শট সহজেই রুখে দেন প্রতিপক্ষ গোলরক্ষক নুরুল আজুরিন।
