বিশ্বকাপের উদ্বোধনী দিনে মেক্সিকোতে স্কুল বন্ধ, অফিস ঘরে বসে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১১ জুন ২০২৬
বিশ্বকাপের উদ্বোধনী দিনে মেক্সিকোতে স্কুল বন্ধ, অফিস ঘরে বসে

ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচকে সামনে রেখে মেক্সিকো সিটির সব স্কুলে ক্লাস স্থগিত করা হয়েছে। এছাড়া সরকারি কর্মচারীদের অফিস নয়, বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেক্সিকোর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আগে রাজধানী শহরের যানজট কমাতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম একটি বিশেষ ডিক্রি জারি করেছেন। নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার সরকারি ও বেসরকারি -সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান এবং সব স্তরের স্কুল-কলেজ বন্ধ থাকবে।

সরকারি দপ্তরে কর্মরত ফেডারেল কর্মচারীদের জন্য দূর থেকে কাজ করার ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে বেসরকারি খাতেও খুব একটা জরুরী নয় এমন কার্যক্রমের ক্ষেত্রে কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুযোগ দিতে আহ্বান জানানো হয়েছে।

প্রেসিডেন্ট শিনবম বলেন, “এমন নির্দেশের উদ্দেশ্য হলো, বিশ্বকাপের দিন (উদ্বোধনী অনুষ্ঠান) যাতে কোনও যানজট বা সমস্যার সম্মুখীন না হয়।”

এমন ব্যবস্থা শুধুমাত্র টুর্নামেন্টের উদ্বোধনী দিনের জন্য কার্যকর থাকবে। প্রথম ম্যাচে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে সহ-আয়োজক মেক্সিকো।



শেয়ার করুন :