বিশ্বকাপে নক আউট পর্বে জয় উদযাপন করতে গিয়ে মেক্সিকো সিটিতে তিন জনের মৃত্যু হয়েছে। শহরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, শ্বাসরোধ হয়ে ১৯ বছর বয়সী এক তরুণী, ৪৪ বছর বয়সী একজন পুরুষ এবং ৪৮ বছরের একজন নারী মারা গেছেন।
প্রথম দুইজনের এবং পরে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম তৃতীয় একজনের মৃত্যুর খবর দিলে কর্তৃপক্ষ পরে সেটি নিশ্চিত করেছে। বুধবার স্থানীয় সরকার থেকে সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হয়।
তৃতীয় নিহত ব্যক্তি ছিলেন ৪৮ বছর বয়সী এক নারী, যিনি শ্বাসরোধে আক্রান্ত হওয়ার পর রাস্তাতেই প্রাথমিক চিকিৎসা করা এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান।
১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় পেয়েছে দেশটি। শেষ ৩২-এর ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে জয় তুলে শেষ ষোলো নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো। দলের জয়ে দেশজুড়ে উৎসব শুরু হয়।
জয় উদযাপনে শহরের রাস্তায় নেমে এসেছিল প্রায় ১০ লাখ মানুষ, ছবি-গেটি
নগর সরকারের হিসাব অনুযায়ী, মেক্সিকো সিটির রাস্তায়, বিশেষ করে অ্যাঞ্জেল অব ইন্ডিপেনডেন্স স্মৃতিস্তম্ভের আশপাশে উদযাপনে অংশ নিতে ১০ লাখেরও বেশি মানুষ জড়ো হয়েছিল।
মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাডা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং সবাইকে ‘সর্বদা দায়িত্ব, যত্ন এবং সহানুভূতির সাথে উদযাপন করার’ আহ্বান জানিয়েছেন।
