মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ বিশ্বকাপ ২০২৬।মেক্সিকান পপ-ব্যান্ড মানাকে দিয়ে শুরু অনুষ্ঠানে মঞ্চ মাতান কলম্বিয়ান পপ তারকা শাকিরা।
শুরুতে দুর্দান্ত পরিবেশনায় উপস্থিত দর্শকদের কাছে দারুণ সাড়া পায় ১৯৮১ সালে গঠিত হওয়া ব্যান্ড মানা। এরপর মঞ্চে আসেন ভেনেজুয়েলার গায়ক ও গীতিকার ড্যানি ওশান।
ঐতিহ্যবাহী মেক্সিকান পোশাকে সজ্জিত নৃত্যশিল্পীদের সঙ্গে ‘পার্তিদাজো’ গান পরিবেশন করেন ড্যানি ওশান। বিভিন্ন প্রজন্মের দর্শকদের উপভোগ করার মতো সংগীত ও আয়োজনে জমে উঠে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।
একটু পরে মঞ্চে আসেন জে বালভিন, যিনি কার্ডি বি-র জনপ্রিয় গান ‘আই লাইক ইট’-এ অংশ নিয়েছিলেন। গানটিতে নাইজেরিয়ার শিল্পী বার্না বয়ও ছিলেন।
এত এত পরিবেশনা মধ্যেও সবাই যেন অপেক্ষায় ছিলেন শাকিরা। অবশেষে কলম্বিয়ান পপ তারকা হাজির হন মঞ্চে। বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘লেটস গো’ গাওয়ার সাথে পারফর্ম করেন তিনি।

শাকিরার সঙ্গে একই সুরে গলা মেলায় পুরো আজতেকা। শাকিরার গানের পরই শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এর আগে নির্ধারিত সময়ের ১৪ মিনিট পরে শুরু হয়েছিল মূল অনুষ্ঠান।
