দুই দেশের পারস্পরিক সম্প্রীতি এবং ২০২৬ ফিফা বিশ্বকাপের উন্মাদনা উদযাপন করতে আর্জেন্টাইন ভ্রমণ লেখক ও সাংস্কৃতিক দূত ড্যান ল্যান্ডে এবং তার দল বাংলাদেশে এসেছেন। ড্যান ল্যান্ডে ‘রুলো’ নামে বহুল পরিচিত।
রবিবার (২১ জুন) রুলো ও তার প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছেছেন। বাংলাদেশি ভক্তদের অবিস্মরণীয় ফুটবল উন্মাদনা ও উচ্ছ্বাস সরাসরি প্রত্যক্ষ করতে ২৯ জুন পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন।
রুলোর সফরসঙ্গী প্রতিনিধি দলে রয়েছেন- ম্যানুয়েল হাভিয়ের এজকুয়েরা রামোন, মার্তিন দে এসকালাদা, মার্তিনা জয়ে গোন্দেল এবং সান্তিয়াগো কোন্দে-সহ সৃজনশীল পেশাজীবীরা। তাদের এই সফর বাংলাদেশের ফুটবল সমর্থকদের প্রতি আর্জেন্টিনার জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতার এক আন্তরিক নিদর্শন।
ঢাকায় পৌঁছে বিকেলে প্রতিনিধি দলটি বর্ণমালা কমিউনিকেশনের কার্যালয় পরিদর্শন করেছে। পরে সপ্তাহব্যাপী ভ্রমণসূচি পর্যালোচনা এবং বাংলাদেশ জুড়ে তাদের সফরের পরিকল্পনা চূড়ান্ত করতে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সফরকালে রাজধানী ঢাকা এবং এর উপকণ্ঠের বিভিন্ন বিখ্যাত স্থানে ভ্রমণ করবেন তারা। এর মধ্যে রয়েছে- ম্যাচের দিনগুলোতে পুরান ঢাকার পতাকাশোভিত সরু গলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও হাজী মুহাম্মদ মহসিন হলে ম্যাচ-পূর্ববর্তী উৎসবে অংশগ্রহণ এবং আমিনবাজারের গ্রামাঞ্চলে গ্রামীণ ফুটবল উন্মাদনার সাক্ষী হবেন।
দলটি ২৪ জুন লিওনেল মেসির জন্মদিন উদযাপনে তৃণমূল পর্যায়ের ফ্যান ক্লাবগুলোর সাথে যোগ দেবে, মুন্সিগঞ্জের গ্রামীণ এলাকাগুলো পরিদর্শন করবে এবং স্থানীয় পরিবারগুলোর বাড়িতে তাদের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাবে।
সফরের চূড়ান্ত মুহূর্তটি আসবে ২২ জুন এবং ২৮ জুন, ম্যাচের দিনে রুলো, এজকুয়েরা এবং দলের সদস্যরা বাংলাদেশি ভক্তের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বড় পর্দায় খেলা দেখবেন।
