আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেও ব্যক্তিগত প্রাপ্তির খাতায় এক অভূতপূর্ব মাইলফলক যোগ করলেন লিওনেল মেসি। টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জিতেছেন তিনি।
এর মধ্য দিয়ে লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ব্যাক-টু-ব্যাক গোল্ডেন বুট জেতার অনন্য রেকর্ড গড়লেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল যাদুকর।
এমএলএস নিয়মিত মৌসুমে ৩১ ম্যাচে (২৯টি শুরুর একাদশে) মাঠে নেমে লিগ সর্বোচ্চ ২৬টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৭টি গোল। অর্থাৎ, ৪৩টি গোলে সরাসরি অবদান রেখে গোল ও অ্যাসিস্ট, উভয় তালিকাতেই শীর্ষে থেকে মৌসুম শেষ করেছেন মেসি।
নিকটতম প্রতিদ্বন্দ্বী এফসি ডালাসের ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড পেটার মুসাকে (২২ গোল) ৪ গোলের পেছনে ফেলে এককভাবে শীর্ষস্থান ধরে রাখেন মেসি। মেসির এমন সাফল্য কেবল চলতি মৌসুমেই সীমাবদ্ধ নয়, বরং গত কয়েক বছর ধরে মেজর লিগ সকারে তার আধিপত্য ছিল।
২০২৫ সালের মৌসুমেও দুর্দান্ত ফর্মে থেকে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। মাত্র ২৮টি নিয়মিত মৌসুমের ম্যাচে মাঠে নেমে ২৮ গোল করার পাশাপাশি লিগ সর্বোচ্চ ১৯টি অ্যাসিস্ট করেছিলেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর।
