বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অধিনায়ক লিওনেল মেসির জোড়া গোলে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। টানা দুই জয়ে নক-আউট পর্বে খেলা নিশ্চিত করলো বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধের ৩৮তম মিনিটে প্রথম গোল করে দলকে ১-০ গোলের লিড এনে দেন মেসি। যদিও এর আগে ম্যাচের শুরুতেই (৮তম মিনিট) পেনাল্টি মিস করেছিলেন দলের অধিনায়ক। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৫) মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন মেসি।
এ জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে জে গ্রুপের শীর্ষে থেকেই শেষ ৩২ এ খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছিল তারা।
ওই ম্যাচের তিনটি গোলই করেছিলেন মেসি। ফলে দুই ম্যাচে দলের পক্ষে পাঁচ গোলের সবগুলোই মেসি পা থেকে এসেছে।
এই ম্যাচ দিয়ে ৩৮ বছর বয়সী অধিনায়ক লিওনেল মেসি ফিফা বিশ্বকাপে ১৮টি গোল করার রেকর্ড গড়েছেন। যা এখন বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড।
আর্জেন্টিনার বিপক্ষে হারলেও দারুণ লড়াই করেছে অস্ট্রিয়া। ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতা করলেও আক্রমণে সৃজনশীলতার অভাব ছিল, যার ফলে শেষ পর্যন্ত তাদের প্রচেষ্টাগুলো ব্যর্থ হয়।
প্রথম ম্যাচে জয় পাওয়া অস্ট্রিয়ার সংগ্রহে ৩ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রিকাকে নকআউট পর্বে জায়গা পাকা করতে হলে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে জয় পেতে হবে।
