লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। সংবাদ মাধ্যমে নানা তথ্য ছড়ালেও মেসির প্রথম ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া আর্জেন্টাইন সংবাদমাধ্যম 'ওলে' ও লা ন্যাসিয়নও মেসির বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
নিউয়েলস ওল্ড বয়েজের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ৬৮ বছর বয়সে মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ক্লাব অ্যাটলেটিকো নিওয়েলস ওল্ড বয়েজ।
সদ্য শেষ হওয়া ফুটবল বিশ্বকাপ সময়েই মেসির বাবার অসুস্থতার কথা জানা গিয়েছিল। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেসি জানিয়েছিলেন, তিনি ব্যক্তিগত একটা কঠিন সময় পার করছেন।
মেসির ওই কথার কিছুদিন পর পরিবার থেকে এক বিবৃতিতে জানানো হয়, সিনিয়র মেসি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। সেই খবরের পর এবার মৃত্যুর সংবাদ এলো।
মেসির বাবা পেশায় ছিলেন একজন প্রশিক্ষিত রাসায়নিক প্রযুক্তিবিদ। তবে ছেলের ক্যারিয়ারের প্রতিটি সিদ্ধান্তে অভিভাবকের ভূমিকা পালন করেছেন তিনি।
