পেপে গুয়ের জোড়া গোলে ইরাককে ৫-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের আশা টিকিয়ে রেখেছে সেনেগাল। আফ্রিকান দল হিসেবে বিশ্বমঞ্চে প্রথমবারের মতো পাঁচ গোলের কৃতিত্ব অর্জন করেছে সেনেগাল।
বড় এই জয়ে গ্রুপের সেরা তৃতীয় দল হিসেবে সেনেগালের শেষ ৩২’এ যাবার স্বপ্ন উজ্জ্বল হয়েছে। গ্রুপ-আই থেকে শীর্ষ দুই দল হিসেবে পরের রাউন্ডে উঠেছে ফ্রান্স ও নরওয়ে।
শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সেনেগাল। কর্নার থেকে আবদুলায়ে সেকের হেডে হাবিব দিয়ারার বল জালে জড়ান। এটি ছিল দিয়ারার আন্তর্জাতিক ক্যারিয়ারে দ্বিতীয় গোল এবং গত বছর ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করার পর প্রথম আন্তর্জাতিক গোল।
এর কয়েক মিনিট পরই ইরাকের নকআউট পর্বে ওঠার ক্ষীণ সম্ভাবনায় বড় ধাক্কা লাগে। ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড শুরুর একাদশে ডিফেন্ডার রেবিন সুলাকাকে সুযোগ দিয়েছিলেন। কিন্তু তার ম্যাচ স্থায়ী হয় মাত্র ১৩ মিনিট।
সেনেগালের তারকা ফরোয়ার্ড সাদিও মানেকে নিশ্চিত গোলের সুযোগের সময় ফাউল করায় ভিএআর মনিটর দেখে ইংলিশ রেফারি অ্যান্থনি টেলর সুলাকাকে সরাসরি লাল কার্ড দেখান। এটি ছিল এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত নবম লাল কার্ড এবং টুর্নামেন্টের ইতিহাসে চতুর্থ দ্রুততম লাল কার্ড।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাঠে নামে সেনেগাল। এরই মধ্যে ইরাক আরও বিপাকে পড়ে। প্রথমার্ধে চোট পাওয়া গোলরক্ষক আহমেদ বাসিলের পরিবর্তে বিরতির পর মাঠে নামেন জালাল হাসান।
শুরুর দিকের আক্রমণগুলো ঠেকিয়ে দিলেও সেনেগাল যখন ছন্দে ফিরলে হাসানের আর কিছুই করার ছিল না। ৫৬তম মিনিটে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় জিদান ইকবালের নিজেদের অর্ধে করা ভয়াবহ ভুলে বলের দখল পেয়ে যায় সেনেগাল। সেই সুযোগে ইসমাইলা সার সহজে বল জালে পাঠিয়ে টুর্নামেন্টে নিজের তৃতীয় গোল করেন।
এরপর শুরু হয় গুয়ের ঝলক। বদলি হিসেবে মাঠে নামার মাত্র ৮৯ সেকেন্ডের মধ্যেই তিনি বক্সের বাইরে থেকে দারুণ এক বাঁকানো শটে গোল করে ৫৯তম মিনিটে ব্যবধান ৩-০ করেন। সেই শটে জালাল হাসানের কিছুই করার ছিল না।
ভিয়ারিয়ালের এই মিডফিল্ডার ১২ মিনিট পর আরও দুর্দান্ত এক ভলিতে গোল করে নিজের আগের গোলকেও ছাপিয়ে যান। তার প্রচন্ড গতির শট গোলরক্ষককে পরাস্ত করে জালে প্রবেশ করে।
ডাগআউটে দাঁড়িয়ে হতাশায় মাথা নাড়ানো ছাড়া আর কিছুই করার ছিল না কোচ গ্রাহাম আর্নল্ডের। ম্যাচ শেষ হওয়ার আট মিনিট আগে ইলিমান এনদিয়ায়ের আরেকটি দুর্দান্ত দূরপাল্লার গোলে সেনেগালের বড় জয় নিশ্চিত হয়।
