দুই গোলে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে লড়াইয়ে ফিরে সেনেগালকে ৩-২ ব্যবধানে পরাজিত করে শেষ ষোলো’র টিকিট নিশ্চিত করেছে বেলজিয়াম। ম্যাচের অতিরিক্ত সময়ের পেনাল্টি পাওয়ায় বেলজিয়ামের জয় নিশ্চিত হয়। ম্যাচে জোড়া গোল করেন টিয়েলেমানস।
২০০২ সালে অভিষিক্ত হওয়ার পর নক আউটে এবারই প্রথম জয়ের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল সেনেগাল। শেষ মুহূর্তে এক বিতর্কিত পেনাল্টিতে হারের স্বাদ নিয়ে বিদায় নিতে হয়েছে।
সিটলে হাবিব দিয়ারা ও ইসমাইলা সারের গোলে আফ্রিকান দেশটি ৫১তম মিনিটে ২-০ গোলের লিড নেয়। ম্যাচের ৮৬তম মিনিট পর্যন্ত তারা এই লিড ধরে রেখেছিল। তারপরই ম্যাচের চিত্র পাল্টে যায়।
রোমেলু লুকাকু ও টিয়েলেমানসের শেষ পাঁচ মিনিটের দুই গোলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। এরপর এ্যাস্টন ভিলার মিডফিল্ডার টিয়েলেমানস ১২৫ মিনিটে পেনাল্টিতে গোল করে দলকে জয় উপহার দেন। ৭ জুলাই শেষ ষোলতে বেলজিয়ামের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র।
এই ম্যাচে পরাজিত হলে নিশ্চিতভাবেই বেলজিয়ামের স্বর্ণালী প্রজন্মের জন্য বিদায়টা কষ্টের হতো। লুকাকু, কেভিন ডি ব্রুইনা ও সম্ভবত থিবো কুর্তোয়ার এটাই শেষ বিশ্বকাপ। শেষ পর্যন্ত অবশ্য আরও একটি লড়াইয়ের সুযোগ তাদের সামনে এসেছে।
