তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষ করলো বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে লিওনেল মেসির দল। শেষ ৩২’ রাউন্ডে তাদের প্রতিপক্ষ প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা কেপ ভার্দে।
শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় রবিবার ভোরে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরুর একাদশে ছিলেন না মেসি। বদলি বেঞ্চ থেকে মাঠে নেমে ম্যাচের ৮০তম মিনিটে গোল করেছেন লিওনেল মেসি। চলমান বিশ্বকাপে মেসি এটি ষষ্ঠ গোল। এর মাধ্যমে মেসির বিশ্বকাপে গোলসংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯।
আগেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় লিওনেল মেসিকে ম্যাচটিতে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। তবে টেক্সাসে ম্যাচের এক ঘণ্টা পর মাঠে নামতেই গ্যালারিজুড়ে করতালির ঝড় উঠে। ফ্রি-কিক থেকে বল জালে জড়িয়ে দলের পক্ষে আার্জেন্টিনার তৃতীয় গোলটি করেন মেসি।
এ জয়ে জে-গ্রুপে আর্জেন্টিনা শতভাগ জয় নিয়ে ৯ পয়েন্ট অর্জন করে শীর্ষস্থান নিশ্চিত করেছে। এর আগে তারা আলজেরিয়াকে ৩-০ এবং অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছিল। তিন ম্যাচেই গোল করেছেন মেসি।
ম্যাচটিতে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাটে নামা আর্জেন্টিনা প্রথমার্ধেই ২-০ এগিয়ে যায়। জিওভানি লো সেলসোর দুর্দান্ত ফ্রি-কিক এবং লটারো মার্টিনেজের পেনাল্টি থেকে আসে গোল দুটি। দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পর জর্ডানের হয়ে মুসা আল-তামারি একটি গোল শোধ দেন।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি অস্ট্রিয়ার বিপক্ষে জয়ী একাদশে ৯টি পরিবর্তন এনেছিলেন। সেই ম্যাচের একাদশ থেকে শুধু গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং ফরোয়ার্ড লটারো মার্টিনেজকে রেখেছিলেন।
দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসিকে মাঠে নামানোর দাবি জানাতে শুরু করেন দর্শকরা। মেসি যখন মাঠে নামার প্রস্তুতিতে জার্সি বদলাচ্ছিলেন, ঠিক তখনই কাছ থেকে বল জালে ঠেলে দিয়ে জর্ডানের হযয়ে ব্যবধান কমান আল-তামারি। এতে স্টেডিয়ামের বড় একটি অংশ স্তব্ধ হয়ে যায়।
এরপর ম্যাচটি অনেকটাই প্রীতি ম্যাচের আবহ তৈরি করে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে মেসি একটি সহজ ফ্রি-কিক থেকে গোল করেন। এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করার পর এই গোলটি ছিল গ্রুপপর্বে তার ষষ্ঠ গোল।
