৪০ বছরের খরা কাটিয়ে নক আউট পর্বে মেক্সিকোর জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২০ পিএম, ০১ জুলাই ২০২৬
৪০ বছরের খরা কাটিয়ে নক আউট পর্বে মেক্সিকোর জয়

ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে ৪০ বছর পর নক আউট পর্বে জয়ের দেখা পেল মেক্সিকো। ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে এই জয়ে ইতিহাস রচনা করেছে সহ-আয়োজকরা। দলের পক্ষে গোল দুটি করেছেন জুলিয়ান কুইনোনেস এবং রাউল জিমিনেজ।

১৯৮৬ সালের পর বিশ্বকাপের নক আউট পর্বে কোন ম্যাচ জিততে পারেনি মেক্সিকো। ওই আসরেও সর্বশেষ তারা স্বাগতিক ছিল। এছাড়া এই জয়ে বিশ্বকাপে টানা ১০ ম্যাচে আজটেকায় অপরাজিত থাকার রেকর্ড গড়েছে মেক্সিকো।

মঙ্গলবার (৩০ জুন) আজটেকা স্টেডিয়ামে প্রচণ্ড ঝড়-বৃষ্টির কারণে ম্যাচটি শুরু হতে ঘণ্টাখানিক বিলম্ব হয়। ম্যাচ শুরু হওয়ার পর একের পর এক আক্রমণে ইকুয়েডরকে এলোমেলো করে দেয় মেক্সিকো।

আক্রমণের ধারাবাহিকতায় প্রথমার্ধের ২২তম মিনিটে জোড়ালো শটে মেক্সিকোকে এগিয়ে দেন জুলিয়ান কুইনোনেস। এরপর ম্যাচের ৩১তম মিনিটে রাউল জিমিনেজকে দিয়ে দ্বিতীয় গোলটি করান কুইনোনেস।

বিরতির পর ম্যাচে ফিরে আসার শতভাগ চেষ্টা করেও সফল হতে পারেনি ইকুয়েডর। স্বাগতিক দল ম্যাচের প্রায় অধিকাংশ সময় আধিপত্য ধরে রাখায় ইকুয়েডরের পক্ষে প্রতিরোধ গড়া সম্ভব হয়নি।

বরং প্রতিপক্ষ খেলোয়াড়ের সাথে বিতর্কে জড়িয়ে হাত দিয়ে মুখ বন্ধ করে কথা বলায় ইকুয়েডরের ডিফেন্ডার পিয়েরো হিনকেপিকে স্টপেজ টাইমে লাল কার্ড দেখতে হয়েছে।

ফ্রান্স ও আর্জেন্টিনার সাথে তৃতীয় দল হিসেবে গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে নক আউটে খেলতে এসেছে মেক্সিকো। একইসাথে এই তিন দল গ্রুপ পর্বে কোন গোল হজম করেনি। অন্যদিকে, ইকুয়েডর তাদের গ্রুপে তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে উঠেছিল।



শেয়ার করুন :