ইনজুরি টাইমের গোলে পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো স্পেন। বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর যোগ করা সময়ে (৯০+১) গোল করেন।
বিশ্বকাপ থেকে পর্তুগিজের বিদায় ছাড়াও এ ম্যাচের মাধ্যমে দেশটির সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ ক্যারিয়ারও শেষ হয়েছে।
৭০ হাজার ৬৪৯ জন দর্শকে পরিপূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ডালাস কাউবয়েজে অনুষ্ঠিত ম্যাচটি কাগজে-কলমে যতটা আকর্ষণীয় মনে হয়েছিল বাস্তবে ততটা রোমাঞ্চ ছড়াতে পারেনি।
ম্যাচটি অতিরিক্ত সময়ের দিকেই এগিয়ে যাচ্ছিল। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের চমৎকার একটি পাস বাড়ান মেরিনোর উদ্দেশে। সুযোগটি কাজে লাগিয়ে মেরিনো গোল করে স্পেনকে জয় উপহার দেন।
এর মাধ্যমে ৪১ বছর বয়সি রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচটি তিক্ত পরিণতিতে শেষ হয়। বর্তমানে সৌদি আরবে খেলা রোনালদো ম্যাচের আগের দিনই নিশ্চিত করেছিলেন, এটাই হবে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে তার শেষ বিশ্বকাপ।
দুই প্রতিবেশী দেশই অপরাজিত অবস্থায় এই ম্যাচে নেমেছিল। তবে পর্তুগাল খুব একটা দাপুটে ফুটবল খেলতে পারেনি, অন্যদিকে স্পেন পুরো টুর্নামেন্টে একটি গোলও হজম করেনি। টুর্নামেন্ট শুরুর আগেই অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে বিবেচিত স্পেন এই ম্যাচের পরও সেই রেকর্ড অক্ষুণ্ন রাখলো।
ঐতিহ্য, প্রতিভা ও ইতিহাসে সমৃদ্ধ হলেও স্পেন এখন পর্যন্ত মাত্র একবার, ২০১০ সালে বিশ্বকাপ জিতেছে। অন্যদিকে, পর্তুগালের সেরা সাফল্য ১৯৬৬ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন।
