সিঙ্গাপুরের বিপক্ষে ভালো ফলাফলের প্রত্যাশায় বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ২৬ নভেম্বর ২০২৬
সিঙ্গাপুরের বিপক্ষে ভালো ফলাফলের প্রত্যাশায় বাংলাদেশের মেয়েরা

স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচের ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে ভালো ফলাফল অর্জনের বিষয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। অধিনায়ক মারিয়া মান্ডা জানিয়েছেন, দলের সবাই ফিট রয়েছে এবং নিজেদের প্রস্তুতিও বেশ ভালো হয়েছে।

দুটি ম্যাচ খেলতে রবিবার (২৯ নভেম্বর) ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী ফুটবল দল। ১ ডিসেম্বর প্রথম ম্যাচ এবং ৫ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। সিঙ্গাপুরে বিশান স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের নবনিযুক্ত প্রধান কোচ এরিক মিয়ার এবং অধিনায়ক মারিয়া মান্ডা দলের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এরিক মিয়ার খেলোয়াড়দের মান এবং দলের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “খেলোয়াড়, কোচিং স্টাফ এবং জাতীয় দলকে সমর্থনকারী সবার সঙ্গে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমরা সিঙ্গাপুরে ভালো কিছু করার আশা রাখি।”

আফ্রিকা মহাদেশে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এই কোচ বিশেষ করে বাংলাদেশি খেলোয়াড়দের কারিগরি দক্ষতার প্রশংসা করেন।বলেন, “আমার মনে হয় দলে ভালো মানের খেলোয়াড় রয়েছে। বিশেষ করে কারিগরি দিক থেকে বাংলাদেশের মেয়েদের মধ্যে বেশ ভালো গুণাবলি আছে।”

দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন এরিক মিয়ার। তিনি জানান, খেলোয়াড় এবং কোচিং স্টাফ সবাই একটি অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করছেন।

বাংলাদেশ নারী দলের অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, “দলের সবাই ফিট আছে। সিঙ্গাপুরে প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাওয়ায় আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। আমাদের প্রস্তুতিও বেশ ভালো হয়েছে।”

দল ভালো পারফরম্যান্স উপহার দেবে এবং দেশের জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনার আশা প্রকাশ করেন বাংলাদেশ নারী ফুটবল দলের এই অধিনায়ক।

সংবাদ সম্মেলনে বাফুফে নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। তিনি জানান, প্রীতি ম্যাচগুলোর মূলত খেলোয়াড়দের আন্তর্জাতিক প্রতিযোগিতার মধ্যে রাখা এবং আগামী বছরের সাফ চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত রাখা।

তিনি বলেন, “আগামী বছর সাফ চ্যাম্পিয়নশীপ রয়েছে। সাফ সামনে রেখে আন্তর্জাতিক উইন্ডো পাওয়া মাত্রই আমরা মেয়েদের জন্য প্রীতি ম্যাচের আয়োজন করতে প্রস্তুত। আমরা তাদের সক্রিয় রাখতে চাই এবং অনেক আগে থেকেই প্রস্তুতির মান উন্নত করতে চাই।”

বাংলাদেশ নারী ফুটবল দল
রুপনা চাকমা, মিলি আক্তার, হুমায়রা আক্তার হিমি, শামসুন্নাহার (সিনিয়র), কোহাতি কিসকু, সুরভী আক্তার আফরিন, আফাইদা খন্দকার, শিউলি আজিম, মারিয়া মান্ডা (অধিনায়ক), মনিকা চাকমা, আইরিন খাতুন, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), অনিকা রাইনা সিদ্দিকী, মোমিতা খাতুন, সৌরভী আকন্দ প্রীতি, মোসাম্মৎ সাগরিকা, আইরিন খাতুন, স্বপ্না রানী, আলপি আক্তার এবং সিনহা জাহান শিখা।



শেয়ার করুন :