২০২৮ কোপা আমেরিকাও হবে যুক্তরাষ্ট্রে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০:৪৫ এএম, ২৫ নভেম্বর ২০২৬
২০২৮ কোপা আমেরিকাও হবে যুক্তরাষ্ট্রে

২০২৪ সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ফাইল ফটো

২০২৮ কোপা আমেরিকাও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেল যুক্তরাষ্ট্র।

দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাক্যাফ এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

২০২৮ সালের ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত চলবে কোপা আমেরিকা। টুর্নামেন্টে দক্ষিণ আমেরিকার ১০টি দলের সঙ্গে উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের মোট ৬টি দল অংশ নেবে।

২০২৪ সালে কোপা আমেরিকার সর্বশেষ আসর বসেছিল যুক্তরাষ্ট্রে। ওই প্রতিযোগীতায় কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এর আগে ২০১৬ সালেও কোপা আমেরিকার আয়োজক ছিল যুক্তরাষ্ট্র।

কনমেবলের সভাপতি এবং ফিফার ভাইস প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডমিঙ্গেজ বলেছেন, কোপা আমেরিকা কেবল একটি টুর্নামেন্টই নয়, এটি আমাদের পরিচয়, ইতিহাস এবং দক্ষিণ আমেরিকান ফুটবলের মহত্ত্বের একটি অবিচ্ছেদ্য অংশ। ২০২৮ সালে আমরা আবারও সেই আবেগকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসব।

তিনি আরও বলেন, ২০২৮ সালের আসর কনকাকাফের সঙ্গে আমাদের ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে এবং পুরো মহাদেশজুড়ে ফুটবলের বিকাশ অব্যাহত রাখায় যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করবে।



শেয়ার করুন :