অ্যামেচার গলফে চ্যাম্পিয়নশীপ: এককে সেরা বাংলাদেশের শরীফ ও সোনিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫
অ্যামেচার গলফে চ্যাম্পিয়নশীপ: এককে সেরা বাংলাদেশের শরীফ ও সোনিয়া

৩৯তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ ২০২৫-এ নারী ও পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ছেলেদের ও মেয়েদের এককেও চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের শরীফ হোসেন ও সোনিয়া আক্তার।

কুর্মিটোলা গলফ কোর্সে অনুষ্ঠিত আট দেশের অংশগ্রহণে চ্যাম্পিয়নশীপ শেষে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

৩৯তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ ২০২৫-এর আয়োজক বাংলাদেশ গলফ ফেডারেশন। পৃষ্ঠপোষকতা করে ভিভো বাংলাদেশ। এ টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করে অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান।

পুরুষ দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ ‘সি’ দল (মো. আবদুল কাদের ও শরীফ হোসেন)। দ্বিতীয় হয়েছে বাংলাদেশ ‘এ’ দল (আবু বকর সিদ্দিক ও শফিকুল ইসলাম)। নারী দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ‘এ’ দল (সোনিয়া আক্তার ও রিংকি আক্তার)। দ্বিতীয় বাংলাদেশ নারী ‘বি’ দল (নাসিমা আক্তার ও জাইমা বিনতে হোসেন)।

চার দিনের এই টুর্নামেন্টে পুরুষ এককে শরীফ হোসেন মোট ৩০০ স্ট্রোক (শট) খেলেন। আরেক গলফার আবু বকর সিদ্দিকও সমান মোট ৩০০ স্ট্রোক (শট) খেলেন। দুই গলফারই পারের চেয়ে মোট ১২ শট করে বেশি খেলেছেন। কিন্তু ব্যাক কাউন্ডের ভিত্তিতে শিরোপা জিতেছেন শরীফ। আবু বকর হয়েছেন রানারআপ। পারের চেয়ে ১৪ শট বেশি খেলে তৃতীয় হয়েছেন মুন্না মিয়া।
sportsmail24

মেয়েদের এককে বাংলাদেশ দলের সোনিয়া আক্তার ১৮ শট বেশি খেলে চ্যাম্পিয়ন হয়েছেন। ২৫ শট বেশি খেলে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের আরেক গলফার নাসিমা আক্তার। তৃতীয়ও হয়েছেন বাংলাদেশের আরেক গলফার রিংকি আক্তার (৩৩ শট বেশি)।

জমকালো এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সেনাপ্রধান ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, বাংলাদেশ গলফ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট হাফিজুর রহমান, মেজর জেনারেল (অব.) আবদুল্লাহ হিল বাকী, সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ সাইদ সিদ্দিকী, ভিভো বাংলাদেশের সিনিয়র ম্যানেজার করপোরেট আহসান রাজীব, টুর্নামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবিদুর রেজা খান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির এবং বাংলাদেশ গলফ ফেডারেশন ও কুর্মিটোলা গলফ ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রমুখ।


বিষয়ঃ

শেয়ার করুন :