মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ‘হোম অব গলফ’ কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হবে বাংলাদেশসহ বিশ্বের ৮টি দেশের অ্যামেচার গলফারদের লড়াই ‘৩৯তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ ২০২৫’। টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে স্বাগতিক বাংলাদেশ।
‘৩৯তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ ২০২৫’ -এ অংশ নিচ্ছে মোট ৮টি দেশ। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান। টুর্নামেন্টে অংশ নিতে ইতিমধ্যে পাকিস্তান-আফগানিস্তানসহ অধিকাংশ দল বাংলাদেশে এসে পৌঁছেছে।
টুর্নামেন্টটি সামনে রেখে স্বাগতিক বাংলাদেশ দলের কোচ নাদিম হোসেন সোহেল বলেন, “আমাদের একটাই লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। অনেক দিন থেকেই গলফাররা কঠোর অনুশীলন করছেন। এটা আন্তর্জাতিক টুর্নামেন্ট। অনেক বিদেশি গলফার থাকবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে একথা বলতে পারি, নারী এবং পুরুষ দুই বিভাগেই আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে।”
বাংলাদেশের তারকা অ্যামেচার গলফার আবু বকর সিদ্দিক বলেন, “প্রস্তুতি অনেক ভালো। যেহেতু আমাদের নিজেদের কোর্সে খেলা, তাই একটা আমাদের জন্য একটা বড় সুযোগ। আশা করছি, আমরাই চ্যাম্পিয়ন হবো। দেশবাসীর কাছে দোয়া চাই, যেন আমরা ভালো খেলতে পারি। চ্যাম্পিয়ন হয়ে যাতে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি।”
বাংলাদেশের তারকা অ্যামেচার গলফার সোনিয়া আক্তার বলেন, “এমন টুর্নামেন্টে ভালো করা অনেক কঠিন। তবে আমাদের প্রস্তুতি অনেক ভালো। আমার বিশ্বাস, সেরাটা দিতে পারলে আমরাই চ্যাম্পিয়ন হবো।”
বাংলাদেশ গলফ ফেডারেশন ইতিমধ্যেই সব আয়োজন সম্পন্ন করেছে। সোমবার কুর্মিটোলা গলফ কোর্সে প্রস্তুকমূলক টুর্নামেন্ট হবে। শেষবারের মতো গলফাররা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন। চূড়ান্ত লড়াই শুরু হচ্ছে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে। ১৯ ডিসেম্বর জমকালো পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের পর্দা নামবে।
টুর্নামেন্টির আয়োজনে রয়েছে বাংলাদেশ গলফ ফেডারেশন, পাওয়ার্ড বাই ভিভো বাংলাদেশ।
