ঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৭ পিএম, ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট

দ্বিতীয়বারের মতো ঢাকার পল্টনে ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে বসছে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট ‌‘বেগম খালেদা জিয়া আইএইচএফ ওমেন্স নেশনস ট্রফি ২০২৬’। চারজাতির এই নারী টুর্নামেন্ট চলবে ১৮-২২ অক্টোবর পর্যন্ত।

স্বাগতিক বাংলাদেশ ছাড়া টুর্নামেন্টে ভারত, নেপাল এবং মালদ্বীপের নারী খেলোয়াড়রা অংশ নেবে। টুর্নামেন্টিতে আফগানিস্তানের অংশ নেওয়ার কথা থাকলেও স্বজাতিও খেলোয়াড় না থাকায় শেষ পর্যন্ত তাদের অংশগ্রহণ স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন টুর্নামেন্টের বিস্তিারিত জানানো হয়। পাঁচ দিনব্যাপী এই আসরের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা হয়েছে।

হ্যান্ডবলের এই প্রতিযোগিতা হবে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে। যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। ১৮, ১৯ এবং ২০ অক্টোবর প্রতিদিন হবে দুটি করে লিগ ম্যাচ।

লিগ ম্যাচ শেষে ২১ অক্টোবর হবে ব্রোঞ্জ ম্যাচ। পরের দিন গোল্ড মেডেলের জন্য লড়বে দুই ফাইনালিস্ট। বাংলাদেশকে ফাইনালে তোলার বিষয়ে আত্মবিশ্বাসী দলের অধিনায়ক ইসমেতারা নিশি।

সংবাদ সম্মেলনে নিশি বলেন, “এবারই আমরা প্রথমবার বিদেশি কোচের অধীনে অনুশীলন করেছি। আমাদের আশা ফাইনাল খেলবো। মালদ্বীপ এবং নেপাল খেলায় অনেক উন্নতি করছে। নেপালের ৮ জন খেলোয়াড় আর্মি দলের হয়ে খেলে। তারা শক্ত প্রতিপক্ষ অবশ্যই। তাই শুধু ভারতকে নিয়ে ভাবলেই হবে না।”

তিনি আরও বলেন, “আমরা সর্বোচ্চটা দিয়ে খেলব এবং ফাইনালে উঠবো -এটাই আমাদের সবার প্রচেষ্টা থাকবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো খেলতে পারি এবং দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারি।”

বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের স্প্যানিশ কোচ আনা আলোনসো বলেন, ‘বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনকে ধন্যবাদ, আমাকে মেয়েদের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। অভিজ্ঞতাটি সব দিক থেকেই চমৎকার ছিল। আমরা কেবল এই টুর্নামেন্ট জেতার জন্যই নয়, বরং বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ভবিষ্যৎ ও আসন্ন প্রতিযোগিতাগুলোর ভিত শক্ত করার লক্ষ্যে কাজ করছি। আমরা সঠিক পথেই আছি।”

বাংলাদেশ নারী হ্যান্ডবল দল দীর্ঘদিন প্রতিযোগিতামূলক এবং আন্তর্জাতিক ম্যাচ খেলা থেকে দূরে, -এটা নিয়ে কোচ বলেন, “গত কয়েক বছর দলটির কোনো আন্তর্জাতিক ম্যাচ ছিল না, ফলে প্রতিপক্ষ দলগুলোর বর্তমান মান সম্পর্কে ধারণা পাওয়া কঠিন। তবে আমরা শতভাগ নিশ্চিত যে প্রতিটি ম্যাচে সর্বোচ্চটা দেব। আমরা অবশ্যই ফাইনালে যেতে এবং জিততে লড়াই করবো। আমাদের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলো-যেমন চেষ্টা, লড়াই ও প্রতিটি বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা -এসব ক্ষেত্রে আমরা সেরাটা দেব।”

টুর্নামেন্টের উদ্বোধন হবে ১৮ অক্টোবর, সকাল ১১টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এছাড়া উদ্বোধন এবং সমাপনী দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে বলেও জানানো হয়।


বিষয়ঃ

শেয়ার করুন :